ক্যালিফোর্নিয়ায় ফাইভ স্টার জেল!
চোখবাধা ন্যায়ের তুলাদন্ড হাতে যে মুর্তি বিচারব্যবস্থার প্রতীক হয়ে আছে সারা দুনিয়ায় ক্যালিফোর্নিয়ার বাস্তবতায় তার চেহারাট একটু ভিন্ন। ন্যায় বিচারের ধ্বজ্জাধারী মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যে ‘আইনের চোখে সবাই সমান’ কথাটার কোন মানে নেই।
বরং পৃথিবীর রুঢ় যে বাস্তবতা ‘আইন তারই পক্ষে যার ট্যাকের জোর আছে’ সেটাই এখানে মুর্ত হয়ে আছে। অপরাধ করেও জেলখানায় ফাইভস্টার হোটেলের আরাম আয়েশে থাকতে পারবেন আপনি। তবে এর জন্য আপনাকে দৈনিক গড়ে ৮২ ডলার খরচ করতে হবে। ২৯ এপ্রিলের নিউ ইয়র্ক টাইমসে এমন জেলখানার খবর ছাপা হয়েছে।
যে সব অপরাধীরা সামান্য মাত্রার আইন ভঙ্গ করেছেন কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাল তারাই পয়সার বিনিময়ে এইসব জেলে থাকতে পারবেন পে টু স্টে ব্যস্থার মাধ্যমে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এরকম প্রায় ডজনখানে জেলখানা রয়েছে যেখানে পয়সার বিনিময়ে অপরাধীরা ভালোভাবে থাকার সুযোগ পাচ্ছেন।
তবে টাকা থাকলেই হবে না। প্রথম শর্ত হলো আদালতের অনুমোদন লাগবে। এবং সেটাই চুড়ান্ত নয়। জেল প্রশাসক যদি মনে করেন অপরাধীকে এখানে রাখা ঠিক হবে না তাহলে তিনি যাকে ইচ্ছা তাকে ফেরত পাঠাতে পারবেন।
“এটা অনেকটা ফাইভ স্টার হোটেল হিলটনে থাকার মতো।” বলেছেন নিকোল ব্রকেট, বয়স তার ২২, অরেঞ্জ কাউন্টির এরকম একটি জেলে থাকার সুযোগ পেয়েছেন তিনি সম্প্রতি। লস এঞ্জেলস থেকে ৩০ মাইল দক্ষি পূর্বে এই জেলখানা। মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ২১ দিনের জেল হয়েছে ব্রকেটের। এই বিশেষ জেলে থাকার জন্য দিনপ্রতি ৮২ ডলার গুনতে হচ্ছে তাকে।
অপরাধের শাস্তি নয়, শরীরের তুলনায় বড় টি শার্ট আর চপ্পল পায়ে এই তরুণীকে দেখে মনে হবে যেন অন্য কোন কয়েদীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন। ট্রাভেলভেলোসিটিডটকম-স্টাইল থেকে জেলে থাকার জন্য জিনিসপত্র কিনছিলেন তিনি।
এই পে টু স্টে সিস্টেমের জেলখানায় তার অভিজ্ঞতা প্রসঙ্গে ব্রকেট বললেন, “জায়গাটা বেশ পরিষ্কার আর বেশ নিরাপদ। আর এখানের সবাই খুব চমৎকার মানুষ। অন্য কোন মেয়ের সাথে আমার কোনই গোলযোগ হয়নি। ওরা আমাকে শ্যাম্পুও দিয়েছে।”
গড়ে ৭৫ ডলার থেকে ১২৭ ডলার এর বিনিময়ে এই অপরাধীরা, যাদেরকে এখানে ক্লায়েন্ট বলে উল্লেখ করা হয় তারা, এসব হাজতে এসে একটা ছোট সেল পেয়ে থাকেন। ভয়ংকর অপরাধীদের সেলগুলো থেকে নিরাপদ দুরত্বে এসব সেলের অবস্থান। ক্ষেত্রবিশেষে এইসব অপরাধীরা নিজের সেলে আইপড বা কম্পিউটারও নিয়ে আসার সুযোগ পান। নিসঃঙ্গ সময়টা উপন্যাস লিখে বা গান বেধে পার করে দিতে পারেন তারা।
এখানের অনেককে বাইরে কাজ করারও অনুমতি দেওয়া হয়। ফলে দিনের সিংহভাগ সময়টা কাজকর্ম করে জেলে তাদের যেতে হয় স্রেফ ঘুমানোর জন্য।
বেশ কজন ক্লায়েন্ট সাধারনত একটা সেল ব্যবহার করেন। তবে ক্ষেত্রবিশেষে ননপেয়িং অন্য হাজতিদের সাথেও থাকতে হয়।
এই পয়সার বিনিময়ে জেলে থাকার তরিকাটা চলে আসছে বছরের পর বছর ধরে। তবে সম্প্রতি ফুলারটনের এক জেলে প্রসিকিউটররা এক অপরাধীকে সেলফোন ও কম্পিউটার দেয়ার ব্যপারে বাধা দিলে বিষয়টি আলোচনায় আসে। জর্জ জারামিলো নামের ওই অপরাধী প্রাক্তন কাউন্টি অ্যাসিস্ট্যান্ট শেরিফ। তিনি ওয়াদার বরখেলাফ, জনগনের অর্থ অপব্যবহারসহ অনেক অপরাধে দন্ডিত যার মধ্যে বিনা অনুমতিতে কাউন্টি হেলিকপ্টার ব্যবহারের ঘটনাও রয়েছে। এসব অভিযোগের বিরুদ্ধে কোন লড়াইয়ে যান নি জারামিলো। পরিবর্তে তাকে লস এঞ্জেলসের কাছে মন্টেবেলোতে সেলফ-পে প্রোগ্রামের আওতায় এই বিশেষ ধরনের জেলে জায়গা দেওয়া হয়েছে।
অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেল সুসান কাং শ্রোয়েডার বলেন, “এমন কোন জেলের কথা আমরা অবশ্যই ভাবি না যেখানে সেলফোন আর ল্যাপটপ থাকবে, যেখানে অপরাধীর আত্মীয়রা তিন বেলা তার জন্য গরম খাবার নিয়ে যাবে। তার অপরাধের একটা অংশই সংঘঠিত হয়েছে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে । এ জন্যও আমরা বিষয়টিতে আপত্তি জানিয়েছি।”
ফুলারটন জেলের একজন মুখপাত্র বলেন, ল্যাপটপ নয় কেবল সেলফোনই ব্যবহারের অনুমতি রয়েছে এই জেলে।
এই বিচিত্র জেল ব্যবস্থা প্রসঙ্গে আমেরিকান জেল এসোসিয়েশন এর প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনা সম্পাদক ও জেলের উপর দুটো গ্রন্থের লেখক কেন কার্লে বলেছেন, “এরকম ঘটনা আমার অভিজ্ঞতায় নেই। তবে এ কথাও সত্যি যুক্তরাষ্ট্রের অন্য কোন অঙ্গরাজ্যে হলিউডের মতো প্রতিষ্ঠানও নেই।” তিনি আরো বলেন, “ জেলে যায় যারা তাদের অধিকাংশই অর্থনৈতিকবাবে অসুবিধাজনক অবস্থায় থাকে। প্রায়শ মাদকসমস্যা ছাড়াও মানসিকভাবেও থাকে অসুস্থ থাকে তারা এবং এদের অধিকাংশই নিরক্ষর। দিনে ৮০ ডলার দিয়ে জেলে থাকা তাদের পক্ষে সম্ভব না।”
ক্যালিফোর্নিয়ার আদালত অপরাধীতে ঠাসা, সন্ত্রাস আর নানারকম সংক্রামক ব্যাধিতে পূর্ন আর এর সিস্টেম এতো অকার্যকর যে এখানের অধিকাংশ জেলখানাই আদালতের তত্বাবধানে চলে। ফলে কারো যদি বিন্দুমাত্র সামর্থ থাকে তাহলে সে অর্থের বিনিময়ে হলেও এসব জেলখানা এড়িয়ে চলতে চায়।
“এর সুবিধা হলো আপনি একা থাকতে পারবেন, সনাতনী কাউন্টি সিস্টেমের ভিতরে আপনাকে থাকতে হবে না।” বলেছেন সিএসআইয়ের মুখপাত্র ক্রিস্টিন পার্কার। সিএসআই অরেঞ্জ কাউন্টির তিনটি পে টু স্টে প্রোগ্রামের দেখভাল করেন।
একরাতের মেহমান থেকে ৪ বছর থাকার মতো অপরাধীও এসেছে এই কর্মসূচীর আওতায়।
সান্তা আনা জেলের সংশোধনী ব্যবস্থাপক ক্রিস্টিনা হল্যান্ড জানিয়েছেন, আদালতের অনুমোদন নিয়ে এখানে যারা পয়সা দিয়ে থাকেন বেশ বড় একটা সঞ্চয় তাদের খরচ করতে হয় এ খাতে। অন্য কযেদীরা যেখান দিয়ে জেলে ঢোকেন এরা সেখান দিয়ে আসেন না। তাদের জন্য বিশেষ লবির ব্যবস্থা আছে। কাজ থেকে ফেরার সময় তাদের অবশ্য দেহতল্লাসী করা হয়। কারণ সিগারেটসহ বিভিন্ন জিনিস তারা বাইরে থেকে নিয়ে আসেন নন পেইং হাজতিদের জন্য।
সমালোচকরা এই সিস্টেমের মধ্যে অবিচার তৈরির সহজাত প্রবণতা রয়েছে মনে করেন। তারা আরো স্বচ্ছ, নিরাপদ বিকল্প পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেন।
ন্যাশনাল শেরিফস এসোসিয়েশনের ব্যবস্থাপক মাইক জ্যাকসন বলেন, “এ পদ্ধতিটা বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট মনে হচ্ছে। একই ধরনের অপরাধ করে একজন এসে সাজা ভোগ করবে, আরেকজন অর্থের জোরে আরাম করবে এটা কোন বিচার হতে পারে না। বিচার ব্যবস্থা সবার জন্য সমভাবে প্রযোজ্য হওয়া উচিত।”
তবে অন্যরা বলেন, এই পদ্ধতিতে হাজতিরা জেলখানার জন্য অর্থের যোগান দেন, অনেক সময় বছরে এ খাত থেকে হাজার হাজার ডলার আয় হয়। এর ফলে তাদের অন্যান্য কাজগুলি সহজে চালানো সম্ভব হয়।
সিএসআই এর অপারেশন ম্যানেজার স্টিভ লেশুগা বলেন, ‘ সেলফ পে’র এই সিস্টেমে এখন পর্যন্ত কোন ঝামেলা হয় নি। বহু বছর ধরে আমি কয়েদিদের মধ্যে লড়াই বা ঝগড়া বিবাদ দেখিনি। এই পদ্ধতিতে সাফল্যের শতকরা হার বেশ ভালো।”
লস এঞ্জেলসের লয়োলা ল স্কুলের অপরাধ আইনের অধ্যাপক স্ট্যানলি গোল্ডম্যানও এর পক্ষে বলেন, “আগে কোন অপরাধের রেকর্ড নেই এমন কেউ অহিংস অপরাধের দায়ে সাধারণ কাউন্টি জেলে গেলে সেখানে খাপ খাইয়ে নেয়া তার পক্ষে কঠিন।”
