২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গ হলো লালদীঘির বৈশাখী মেলা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে ঘিরে তিনদিনের বৈশাখী মেলা শেষ হলো বৃহস্পতিবার। নানান প্রশাসনিক সীমাবদ্ধতা ও কড়াকড়ি আরোপের কারণে এবারে মেলা ছিল অনেকটাই প্রাণহীন। তাই শেষ দিনে মেলা সাঙ্গ হলো সাঁঝ বেলাতেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

দেশের দূর-দূরান্ত থেকে মেলায় হরেক পণ্যের পসরা নিয়ে আসা অধিকাংশ দোকানিরা হতাশ হয়ে ফিরে গেছেন তাদের অবিক্রিত মালামাল নিয়ে। বিক্রেতাদের অনেকেই বলেন, লাভ তো দূরের কথা, পুঁজিটাও এবার উঠানো যায়নি।

প্রতি বছর বৈশাখের ১২ তারিখ নগরীর লালদীঘির ময়দানে ঐতিহাসিক জব্বারের বলী খেলাকে ঘিরে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণ পূর্ব বঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলার উৎপাদিত কুটির শিল্প পণ্য নিয়ে এ মেলায় শরীক হন ব্যবসায়ীরা। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে প্রশাসনের নানারূপ বাধ্যবাধকতা থাকায় লালদীঘি ময়দানের সামনের সড়কে মেলা বসতে দেওয়া হয়নি। মেলা ছিল ময়দান ও তার সম্মুখবর্তী ফুটপাতে সীমাবদ্ধ। লোকজনের ঢলও নামেনি এবারের মেলায়। যে কারণে লালদীঘির বৈশাখী মেলাকে কেন্দ্র করে উৎপাদিত বিভিন্ন পণ্যের বেচাবিক্রিতেও ছিল দারুণ ভাটা। সর্বোপরি এবারের জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা পায়নি চিরায়ত উৎসবের রূপ।

বিশেষত চট্টগ্রামবাসী সারাবছর এই মেলার জন্য অপেক্ষা করে। তেমনই একজন গৃহবধূ রুখসানা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি বললেন, “এই উৎসব তো বছরে একবারই হয়। মেলায় গৃহস্থালির সমস্ত জিনিস পাওয়া যায়। তাই এই মেলার জন্য অপেক্ষা করি। কিন্তু এবারের মেলা কেমন যেন ফাঁকা ফাঁকা। জমেনি মোটেও।”

ঢাকা থেকে কাঠের ফার্নিচার নিয়ে এসেছিলেন হারুনুর রশিদ। তিনি বলেন, “প্রতি বছরই এই মেলায় ফার্নিচার নিয়ে আসি। এবারে আমার পণ্য বিক্রি হয়েছে গত বছরের চেয়েও অর্ধেক। বাকি মাল নিয়ে ফেরত চলে যেতে হয়েছে।”

এ ছাড়া নরসিংদী থেকে বাদল খান, গোপাল গঞ্জ থেকে জয়নার মেম্বার কুমিল্লা থেকে আবদুল খালেক, সিলেট থেকে কবির আহমদ মেলায় এসেছিলেন ডালা, কুলা, চালনি, শীতল পাটি, তালপাতার পাখা, বেতের মোড়া, হাড়ি পাতিলসহ ঘর গেরস্থালীর অন্যান্য তৈজষপত্র নিয়ে। তাদের সবারই প্রায় একই কথা, ‘বিক্রি হয় নি ভাই, অনেক লোকসান হবে।”

১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগর নামে এক ব্যবসায়ী ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের চাঙ্গা করে তুলতে লালদীঘি মাঠে বলী খেলা ও বৈশাখী মেলার আয়োজন করেন। এ হিসেবে এবার এই খেলার ৯৯ তম আয়োজন। সময়ের বিবর্তনে এটি চট্টগ্রামবাসীর ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।