আলিয়ঁস ফ্রঁসেজে রবি খানের ডিজিটাল ছবির প্রদর্শনী
ডিজিটাল যুগের শিল্পী রবি খান তুলির বদলে ছবি আঁকেন মাউস আর কি-বোর্ডের গতিশীলতায়। ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তার ডিজিটাল ছবির প্রথম একক প্রদর্শনী।
বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী ও শিল্প সমালোচক সৈয়দ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন শিল্পী নিসার হোসেন।
অধিকাংশ ডিজিটাল শিল্পীর মতো রবি খানের ছবি ফিল্টার নির্ভর নয়। নির্দিষ্ট কোনো ফর্ম না থাকলেও তার চিত্রকর্মের অন্যতম বৈশিষ্ট ‘ফ্লুইডিটি’। এই তারল্য দিয়েই তিনি প্রকাশ করতে চেয়েছেন স্বপ্ন আর বাস্তবের মাঝখানের অনুভূতিটুকু।
রবি খান পড়াশোনা করেছেন কানাডার মন্ট্রিলে, গ্রাফিক ডিজাইন বিষয়ে। অনলাইন আর্ট গ্যালারি আর্টডটকম এর অন্যতম বেস্ট সেলার তিনি।
৩০টি ছবির এ প্রদর্শনী ২মে পর্যন্ত চলবে। শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং অন্যদিন সকাল ৯টা থেকে ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে।
