অমিতাভের বাসাটা যেন একখন্ড ভারত
ভারতে যে জাতীয় সংহতির কথা প্রায়শই বলা হয় বিভিন্ন রাজনৈতিক সভায় আর সেমিনার সিম্পোজিয়ামে তার বাস্তব নমুনা এখন বিরাজ করছে বচ্চন পরিবারে।
অমিতাভ বচ্চন উত্তর প্রদেশের এক বনেদী পরিবারের সন্তান, বিয়ে করেছেন বঙ্গললনা জয়া ভাদুড়িকে। তাদের কন্যা শ্বেতা বচ্চন এক পাঞ্জাবি ছেলেকে বিয়ে করে হয়েছেন শ্বেতা নন্দা। নন্দরা আবার ঘটনাচক্রে বিখ্যাত রাজ কাপুর পরিবারের সাথে সম্পর্কিত।
বচ্চন পরিবারের সঙ্গে সম্প্রতি যুক্ত হলেন ঐশ্বরিয়া রাই। কর্ণাটকের বান্ট সম্প্রদায়ের ঐশ্বরিয়াদের মাতৃভাষা টুলু।
বিভিন্ন জাতির সমন্বয়ে তৈরি এই পরিবারের বিবাহ অনুষ্ঠানেও তাই ছিল বৈচিত্র্যের সমাহার। সব ধরনের প্রথাই মেনে চলেছেন তারা। ছিল সঙ্গীতানুষ্ঠান যা উত্তর ভারতের বিবাহ আচার। বিয়ের দুদিন আগে সেখানে এ ধরনের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
ঐশ্বরিয়া সেজেছিলেন দক্ষিন ভারতীয় বিয়ের কনের সাজে, পরেছিলেন সোনালী রঙের সিল্কের শাড়ি কাঞ্জিভরম। আর অভিষেক উত্তর ভারতীয় বরের সাজে সেজেছেন। শেরওয়ানি আর শেহরা ছিল তার বিয়ের সাজে। এমনকি উত্তর ভারতীয় রীতি অনুযায়ী ঘোড়ায় চড়ে বরযাত্রায় শামিল হয়েছেন তিনি।
বিয়ের মূল আনুষ্ঠানিকতায় অনুসরন করা হয়েছে অ্যাশদের ঐতিহ্য। সেই অনুযায়ী কনের পরিবার বরণ করে নিয়েছে বরকে, কনের চাচী বরের সম্মানে ঐতিহ্যবাহী আরতি অনুষ্ঠান করেন। প্রদীপ হাতে নিয়ে কনের মা এরপরে করেন দীপ আরতি।
জয়মালা দানের প্রথাও ছিল একেবারে দক্ষিন ভারতীয়। তবে সাত পাকে বাধার আনুষ্ঠানিকতটা এসেছে উত্তর ভারত থেকে। এটা ছাড়াও বিয়ের অনুষ্ঠানে বাঙালি অনেক ঐতিহ্যও অনুসরণ করা হয়েছে যথাযথভাবে।
জয়া বচ্চনের অনুরোধে ঐশ্বরিয়া একটি সিঁদুরের বাক্স সঙ্গে রেখেছিলেন বিয়ের পুরো সময়টা জুড়ে। বাবা-মার বাসা থেকে বিদায় নেয়ার পর জলসায় গেলে ননদ শ্বেতা লাল পেড়ে সাদা শাড়ি পরে অ্যাশকে বরণ করে নেন।
বিয়ের আগে যে মেহেদীর অনুষ্ঠান করা হয় তা সব এলাকারই ঐতিহ্য।
বচ্চন পরিবারের এই মিশ্র সংস্কৃতির ধারা সামনে আরো বিস্তৃত হবে আশা করা যায়।
