২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁজ মিলেছে নতুন পৃথিবীর!

‘হেথা নয় হোথা নয় অন্য কোথা অন্য কোনখানে’। কিন্তু কোথায় সে ঠিকানা মহাকাশে আঁতিপাতি করে খুঁজেও সন্ধান মিলছিল না তার। আসিমভ, ক্লার্কদের মতো সাই ফাই লেখকদের ভবিষ্যত বিশ্ব ভাবনাকে অবিশ্বাসের চোখেও দেখেছেন অনেকে। আজ কবির সেই কল্পনা আর কল্পবিজ্ঞানের বাস্তবতা চোখের সামনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার জার্মানির গারশিং এর ইউরোপীয়ান সাদার্ন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন, প্রায় পৃথিবীর সমান আকারের বসবাসযোগ্য একটি গ্রহের সন্ধান পেয়েছেন তারা যা অনেকটা পৃথিবীর মতোই। আক্ষরিকভাবে চোখের সামনে বা দুরবীক্ষণ যন্ত্রে না দেখলেও তাদের নানা হিসেব নিকেশ থেকে এ সম্পর্কে একরকম নিশ্চিত হয়েছেন ওই বিজ্ঞানীরা। বিষয়টি লিখিতভাবে ‘অ্যাস্ট্রনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ এর সম্পাদককেও জানিয়েছেন তারা। এই আবিষ্কারের ফলে পৃথিবীর বাইরে অন্যত্র জীবনের সম্ভাবনাটা আবার উঠে এসেছে আলোচনার টেবিলে। খবরটি জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ একাধিক বার্তা সংস্থা।

আকারে পৃথিবীর দেড়গুন আর ভরে ৫ গুন এই গ্রহটির কোন নামকরণ করা হয়নি এখনো।

“গ্রহটির সম্ভাব্য তাপমাত্রা ০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এখানে পানি তরল আকারেই থাকার কথা।” বলেছেন জেনেভা অবজারভেটরির স্টেফান আড্রি। তার ধারনা, “গ্রহুটি হয় আমাদের মতো শিলাময় হবে অথবা সমুদ্রে ঢাকা থাকবে।”

এই আবিষ্কারের বিস্তারিত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে জ্যোতির্বিদ্যা বিষয়ক বিখ্যাত সাময়ীকি ‘অ্যাস্ট্রনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ এ।

গ্লিজ ৫৮১ (এষরবংব ৫৮১) নামের একটি তারার পাশেই খূঁজে পাওয়া গেছে বহুল আকাঙ্খিত এই গ্রহটি। আমাদের সূর্যের নিকটবর্তী ১০০টি তারার একটি গ্লিজ ৫৮১ এর অবস্থান এই সৌরজগত থেকে ২০.৫ আলোকবর্ষ দূরে।

গ্রহটির অবস্থান তার সূর্যের অনেক কাছে হলেও ওর অবস্থা পৃথিবীরই অনুরুপ। এর অন্যতম কারণ গ্লিজ একটা লাল বামন তারা, এটি আকারে অনেক ছোট এবং তুলনামূলকভাবে ঠান্ডা।

আকারের এই তারতম্যের কারণেই গ্রহটিতে ১৩ দিনেই এক বছর সম্পন্ন হয়ে যায়।

“আমরা যে ধরনের গ্রহের সন্ধান করি তার জন্য লাল বামন তারাই উপযুক্ত। কারণ তারা কম আলোক বিকিরন করে। ” লিসবন ইউনিভার্সিটির জেভিয়ার বনফিলস ব্যাখ্যা করে বলেছেন। এর ফলে সূর্যের কাছে হওয়া সত্বেও এসব গ্রহে বসবাস সম্ভব।

গত ১২ বছরে আমাদের সৌরজগতের বাইরে প্রায় ২০০টির মতো গ্রহ আবিষ্কৃত হয়েছে। এর অধিকাংশই বৃহষ্পতি গ্রহের মতো বিপুল গ্যাসের আধার।

যে আবিষ্কারকরা এই নতুন গ্রহটি আবিষ্কার করলেন তারাই বছর দুয়েক আগে ওই একই তারার পাশে নেপচুন গ্রহের আকারের একটি গ্রহ আবিষ্কার করেছিলেন যার ভর পৃথিবীর তুলনায় ১৫ গুন।

ফ্রান্সের গ্রেনোবল ইউনিভার্সিটির জেভিয়ার ডেলফোস বলেছেন, এই নতুন গ্রহে প্রাণধারণ সম্ভব হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যে এই গ্রহে ইটি তথা এক্সট্রা টেরিস্ট্রিয়ালের সন্ধানে মহাকাশ যান পাঠানো হবে তাতে কোন সন্দেহ নেই।