এভারেস্ট বিজয়ী হিলারি হাসপাতালে
বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্ট বিজয়ী স্যার এডমন্ড হিলারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী এ খবর জানিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে। নেপালের কাঠমান্ডু থেকে রোববার হিলারি নিউজিল্যান্ড ফিরে আসার পরপরই হাসপাতালে ভর্তি হন। নেপালে পাহাড়ে চড়ার সময় পরে গিয়ে তিনি আহত হয়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
হিলারির স্ত্রী জুন অবশ্য পরিষ্কার করে জানাননি, ৮৭ বছর বয়স্ক হিলারি ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। জুনের পক্ষে নিউজিল্যান্ডের অকল্যান্ড হাসপাতাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিলারির হাসপাতালে ভর্তির খবর জানিয়েছেন।
জুন জানিয়েছেন, “তার অবস্থা এখন ভাল এবং প্রতিদিনই তার অবস্থার উন্নতি হচ্ছে।”
অকল্যান্ড হাসপাতালের এক মুখপাত্র বলেছেন, হিলারির অবস্থা সম্পর্কে এর বেশি কিছু জানা যাবে না। হিলারি পরে গিয়ে আহত হয়েছেন কি না সে ব্যাপারেও তার স্ত্রী কোন মন্তব্য করবেন না বলে নিউজিল্যান্ড হেরাল্ড নিউজপেপারকে জানিয়েছেন ওই মুখপাত্র।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক বলেছেন, “দেশের সকলেরই হিলারির জন্য প্রার্থনা করা উচিত।” রেডিও নিউজিল্যান্ডকে প্রধানমন্ত্রী বলেন, “স্যার এডমন্ড হিলারি আমাদের জাতীয় প্রতীক, তার চেয়ে বেশি কাউকে আমরা ভালবাসি না। এবং আমার মনে হয় আমাদের সকলের এখন একটাই বার্তা তার উদ্দেশ্যে ‘সুস্থ হয়ে ওঠো এড, আমরা তোমাকে ভালবাসি’।”
শেরপা তেনজিং এর সঙ্গে স্যার এডমন্ড হিলারি ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চ এভারেস্ট শৃঙ্গ জয় করেন ১৯৫৩ সালে। সম্পতি তার স্বাস্থ্য ভেঙে পরেছিল। তৎসত্তেও এ মাসে নেপাল যাওয়া বন্ধ করেন নি তিনি। এর আগে জানুয়ারিতে গিয়েছিলেন অ্যান্টার্কটিকা, যেখানে ৪৯ বছর আগে একটি মিশনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
