সংগ্রাহক সাইদুরের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে কাঁথা প্রদর্শনী
“নানা চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছে বাঙালি জাতি। আমাদের অতীত জানতে হলে, বাঙালি সংস্কৃতির আট-নয়শ’ বছরের দিক বদলের ইতিহাস বুঝতে হলে বাংলার ঐতিহ্য নকশী কাঁথাকে অনুসরণ করতে হবে।”
শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হওয়া কাঁথা প্রদর্শনীর উদ্বোধনী ভাষণে এভাবেই নকশী কাঁথার গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ শামসুজ্জামান খান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বেচ্ছাব্রতী সংগ্রাহক মো. সাইদুর মারা যান ২০০৭ সালের ৪ মার্চ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তারই সংগ্রহের নকশী কাঁথা নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই আয়োজন।
উদ্বোধনী ভাষণে শামসুজ্জামান খান আরো বলেন, “গ্রামীণ মহিলাদের সঙ্গে সাইদুর মিশে যেতে পারতেন খুব সহজে। এসব কাঁথা তাদের কাছ থেকেই সংগ্রহ করেছেন সাইদুর। তার মৃত্যুতে আমাদের লোকসংস্কৃতিকে জানার একটি দরজা বন্ধ হয়ে গেল।”
মোহাম্মদ সাইদুরের ছেলে হারেছ উজ জামান তার ছোট্ট বক্তৃতায় আবেগ আপ্লুত কণ্ঠে সবাইকে ধন্যবাদ জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, “সাইদুর ছিলেন লোক ঐতিহ্য অন্তপ্রাণ এক মানুষ। যে রাতে তিনি মারা যান ওই রাতেও তিনি লোকসংগ্রহ নিয়ে কাজ করছিলেন। তার সংগ্রহ করা লোকঐতিহ্য নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতি বৈশাখেই এরকম প্রদর্শনীর আয়োজন করবে।”
প্রদর্শনীতে সাইদুরের সংগ্রহ করা ৩২টি অমূল্য নকশী কাঁথা স্থান পেয়েছে। এর অনেকগুলোই দুই থেকে আড়াইশ’ বছরের পুরনো। ফরিদপুর, সাতক্ষীরা, জামালপুর, শেরপুর, কুষ্টিয়াসহ দেশের নানান প্রান্ত থেকে এসব কাঁথা সংগ্রহ করা হয়েছে। এলাকা ও আকারভেদে এসব কাঁথার নামও আলাদা। যেমন রুমাল কাঁথা, নকশি আসন, আসন কাঁথা, নকশি দস্তরখান, জামাই আসন, নকশি আসন কাঁথা, সুজনী কাঁথা ইত্যাদি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাদুঘর প্রাঙ্গনে লোক ও জারিগান পরিবেশন করেন কিশোরগঞ্জ, ঢাকা ও সিরাজগঞ্জ অঞ্চলের শিল্পীরা।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ৩০ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী চলবে। রোববার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
