২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পেরিয়ে ‘আর্টবিট’

বাঙালির শিল্পকলার ইতিহাস যথেষ্ট পুরনো হলেও শিল্পকলা বিষয়ক প্রকাশনার ক্ষেত্রটি সেই মাপে বিকশিত হওয়ার সুযোগ পায়নি। বিভিন্ন সময়ে পুরোদস্তুর শিল্পকলা বিষয়ক দুটি সাময়িকী আলোর মুখ দেখলেও অর্থাভাবে সেগুলো টিকতে পারেনি বেশিদিন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 09:58 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এই শূন্যতার মধ্যেই ২০০৫ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে শিল্পকলা বিষয়ক মাসিক প্রকাশনা ‘আর্টবিট’। প্রকাশকরা অবশ্য এটিকে শিল্পকলা বিষয়ক নিউজলেটার বলে থাকেন। আর্টবিটের সম্পাদক জাফর ইকবাল জুয়েল জানালেন, প্রতিকূলতা এখনো একবিন্দু কমেনি। তারপরও নিউজলেটারটি টিকে আছে অনেকের ভালোবাসার কারণে।

প্রকাশনার এক বছর পূর্তি উপলক্ষে ১৯ এপ্রিল বৃহস্পতিবার আর্টবিট কর্তৃপক্ষ তাদের লালমাটিয়ার কার্যালয়ে আয়োজন করে লেখক-সাংবাদিক মতবিনিময় সভা।

সভার সঞ্চালক ফরিদ কবির বলেন, আমাদের সংবাদ মাধ্যমগুলোতে শুধু বড় শিল্পীদের শিল্প সমালোচনা ও তাদের শিল্প দর্শন নিয়েই আলোচনা হয়। শিল্প সংশ্লিষ্ট খবর সেভাবে গুরুত্ব পায় না। তাছাড়া নবীন শিল্পীরা অধিকাংশ সময়ই থাকেন উপেক্ষিত। নবীন ও খ্যাতিমান শিল্পী এবং শিল্পবোদ্ধাদের মধ্যে সেতুবন্ধন হিসাবে আর্টবিট একটি বিশেষ ভূমিকা রাখছে।

সম্পাদকের কথা বলতে গিয়ে প্রকাশনার এক বছরে নানা ধরনের জটিলতার কথা তুলে ধরেন জাফর ইকবাল। এরকম অলাভজনক প্রকাশনার ক্ষেত্রে বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনদাতাদের আরও আগ্রহী দেখতে চান তিনি।

এত কিছুর মাঝেও পত্রিকার কলেবর বাড়ানোর প্রস্তাব রাখেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, আর্টবিটে শুধু শিল্পকলা বিষয়ক খবর থাকে। কিন্তু আধুনিক পত্রিকায় ‘নিউজের সঙ্গে ভিউজ’ থাকাটাও জরুরি।

‘মতবিনিময় সভা’ নামের এই আড্ডায় আরো উপস্থিত ছিলেন শিল্পী রবিউল হুসাইন, রশীদ আমিন, রনি আহম্মেদ, মুস্তাফা জামান, শিকোয়া নাজনীন প্রমুখ।

সভায় আর্টবিটের গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়। ৫০০ টাকা দিয়ে গ্রাহক হলে বছরে ১২টি সংখ্যার সঙ্গে পাওয়া যাবে আর্টবিটের লোগো সম্বলিত একটি বিশেষ মগ। এছাড়া পাবেন ওয়েব সাইটে পুরোনো সংখ্যা ও বিভিন্ন শিল্পীর পোর্ট্রেট দেখার সুযোগ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণের আমন্ত্রণপত্র।

এখন মাসিক নিউজলেটার হিসাবে আর্টবিট প্রকাশিত হচ্ছে আট পৃষ্ঠার কলেবরে। গ্রাহক না হলেও পত্রিকার স্টলে আর্টবিটের মাসিক সংখ্যাগুলো পাওয়া যাবে ২০ টাকার বিনিময়ে।