২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারসোনা গ্রুপ চালু করলো স্প্রিং স্পা

১৬ এপ্রিল বাংলাদেশে ‘স্প্রিং স্পা’ প্রবর্তণ করলো ‘পারসোনা গ্রুপ’। ধানমন্ডির ২৭ নম্বর রোডের সুবাস্তু জেমিন প্লাজার ৬ তলায় গড়ে তোলা হয়েছে বাংলাদেশের প্রথম ‘স্প্রিং স্পা’র প্রতিষ্ঠান। এই উপলক্ষে ১৬ এপ্রিল হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে আয়োজন করা হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত সুফাট চিত্রানুকুন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 07:42 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

‘স্পা’ শব্দটির সাথে এদেশের মানুষের পরিচয় বেশি দিনের নয়। ২০০৬ সালের মাঝামাঝি সৌন্দর্য বিকাশের প্রতিষ্ঠান ‘পারসোনা গ্রুপ’ গুলশান শাখায় শুরু করে ‘স্পা’র কার্যক্রম। ‘স্পা’ এমন একটি পদ্ধতি যা মানুষের বাহ্যিক রূপ বৃদ্ধির সাথে সাথে অভ্যন্তরীণ সৌন্দর্যও ফুটিয়ে তোলে।

একাধিক ওয়েবসাইটে পাওয়া তথ্য থেকে জানা যায়, ‘স্পা’ কথাটির উৎপত্তি হয়েছে প্রচীন রোমান শাসনামলে। তখন রোমান যোদ্ধাদের যুদ্ধকালীন ক্লান্তি কাটানোর জন্য খনিজ পানি দিয়ে এক ধরণের গোসলের ব্যবস্থা ছিলো। এটি প্রথম হয় বেলজিয়ামের স্পা শহরে। রোমান ভাষায় ‘স্পা’র মানে হচ্ছে ‘Sanus Per Aquam’ (S P A) বা লাইফ থ্রু ওয়াটার যার বাংলা অর্থ অনেকটা এরকম ‘পানির মাধ্যমে জীবন’। পরে রোমান সাম্রাজ্য বিস্তারে ফলে ‘স্পা’ পদ্ধতিটিও ছড়িয়ে পরে সারা বিশ্বে। এর সাথে মিলে যায় বিভিন্ন অঞ্চলের প্রাচীন চিকিৎসা ও সৌন্দর্য চর্চার বিভিন্ন উপাদান।

তবে এখনকার ‘স্পা’র বেশিরভাগ পদ্ধতিই এসেছে জাপান, থাইল্যান্ড ও চীন থেকে। এছাড়াও পশ্চিমা সৌন্দর্য পদ্ধতির ছোঁয়াও পাওয়া যায় এখনকার ‘স্পা’তে। খনিজ পানি দিয়ে চিকিৎসার পাশাপাশি এর সাথে যুক্ত হয়েছে আকুপাংচার, বিভিন্ন ধরণের ম্যাসাজ, ফল ও ফুলের পাপড়ির নির্যাসের সংমিশ্রণে তৈরি পানিতে গোসল। এই পদ্ধতিটি সারা বিশ্বে ‘স্প্রিং স্পা’ নামে পরিচিত। স্প্রিং বা বসন্ত হচ্ছে তারুণ্যে আর প্রেমের ঋতু। ‘স্প্রিং স্পা’ শরীরকে তারুণ্য ও মনকে প্রেমময় করে তুলতে পারে বলে দাবি করলেন পারসোনা গ্রুপের প্রধান কানিজ আলমাস।

অনুষ্ঠানে ‘স্প্রিং স্পা’র উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত চিত্রানুকুন বলেন, “স্পা ও ম্যাসাজে থাইল্যান্ডের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। স্প্রিং স্পা’র মাধ্যমে বাংলাদেশেও এর প্রসার ঘটায় আমি খুবই আনন্দিত।” পারসোনা গ্রুপের প্রধান নির্বাহী কানিজ আলমাস তার বক্তব্যে জানান, “দেশের মানুষের সৌন্দর্য সেবায় দীর্ঘদিন জড়িয়ে থেকে পারসোনা গ্রুপ সব সময় সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা নিশ্চিত করেছে। এবারে আমরা আসল থাই পরিবেশ, উপকরণ ও থাই ম্যাসাজের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই।”

অনুষ্ঠানে বক্তব্যের পালা শেষে শুরু হয় ‘স্প্রিং স্পা’ পরিচিতি পর্ব। মোট পাঁচটি র‌্যাম্পে উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরা হয় ‘স্প্রিং স্পা’র বিভিন্ন উপকরণ। সেই সাথে এই পদ্ধতিতে মানুষের সৌন্দর্য ও কোমলতার যে পরিস্ফুটন হয় সেটাও মডেলরা র‌্যাম্পে ফুটিয়ে তোলেন বিভিন্ন কৌশলে। এছাড়া অনুষ্ঠানে ফাহমিদা নবী. এস আই টুটুল ও দিনাত জাহান মুন্নী ছাড়াও ‘অর্থহীন’ ব্যান্ডের সুমনের গান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি উপস্থানার দায়িত্ব পালন করেন আব্দুন নূর তুষার ও দিশা।

‘স্প্রিং স্পা’ প্রতিষ্ঠানে স্পা’র বেশ কয়েকটি কার্যক্রম চালু হয়েছে। এরমধ্যে আছে ¯িপ্র স্পা ফেশিয়াল, স্প্রিং স্পা বডি ম্যাসাজ, স্প্রিং স্পা বডি স্ক্রাব, স্প্রিং স্পা বডি ওয়ার্প, স্প্রিং স্পা বাথ, স্প্রিং স্পা হেয়ার ট্রিটমেন্ট। এসব পদ্ধতির মধ্যে বেশ কয়েকটি ভাগ আছে। যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। পদ্ধতি অনুযায়ী পরিচর্যা নিতে সময় লাগবে ৪৫ মিনিট থেকে ২ ঘন্টা। আবার কোনটি নিতে ৫/৬ ঘন্টাও সময় লাগতে পারে। পদ্ধতি ভেদে খরচ পরবে ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

একদিনে ‘স্প্রিং স্পা’র সবগুলো ট্রিটমেন্ট নিতে চাইলে রয়েছে ‘স্প্রিং স্পা সিগনেচার প্যাকেজ’। এর আওতায় আছে ফ্লোরাল ফ্রুট রিচুয়ালস, চয়েস অফ ফুল বডি স্ক্রাব, চয়েস অফ ফুল বডি ওয়ার্প, চয়েস অফ বাথ, অ্যারোমা অয়েল ম্যাসাজ ও রিফ্রেশমেন্ট। এর খরচ ৪ হাজার টাকা। এছাড়াও আছে ‘আলটিমেট স্কিন রিভাইটালাইজিং প্যাকেজ’।

যারা বেশি সময় নিয়ে ট্রিটমেন্ট নিতে চান তাদের জন্য রয়েছে প্যাকেজ ব্যবস্থা। যেমন ১০ দিনের ‘হেয়ার ট্রিটমেন্ট প্যাকেজ’। ২০ দিনের ‘স্প্রিং স্পা ফিট এন্ড ফার্ম প্যাকেজ’।

এছাড়া বিয়ের কনেদের জন্য রয়েছে তিনটি প্যাকেজ। ‘স্পেশাল ব্রাইডাল প্যাকেজ’ এর আওতায় তিন দিনের খরচ ১০ হাজার টাকা, পাঁচ দিনের প্যাকেজ খরচ ১৫ হাজার টাকা ও সাত দিনের প্যাকেজ খরচ ২০ হাজার টাকা।

এই সব ম্যাসাজ ও ‘স্প্রিং স্পা’ সেবা বাংলাদেশীরা প্রদান করলেও তাদের প্রশিক্ষন দিয়েছেন থাইল্যান্ডের বিশেষজ্ঞ প্রশিক্ষকরা। এছাড়া যেসব উপাদান এই পদ্ধতিতে ব্যবহার করা হবে তাও নিয়ে আসা হচ্ছে থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে।

কানিজ আলমাস জানান, ‘যারা এই স্পা নিতে আগ্রহী তাদের অন্তত একদিন আগে বুকিং দিতে হবে। আর এই সেবা পাওয়া যাবে সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।