বৈসাবি উৎসবে মেতেছে পাহাড়
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব বিঝু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বৈসাবি উপলক্ষে উচ্ছ্বাসের বাঁধভাঙা জোয়ার এখন পাহাড়জুড়ে।
বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিনটিতে বৈসাবি উৎসব পালন করেন পাহাড়ের আদিবাসীরা। চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের উৎসব বৃহস্পতিবার শুরু হলেও বর্মী বর্ষপঞ্জী অনুসারে শুক্রবার থেকে বৈসাবী উৎসবে মেতেছেন টিবেটো-বার্মান ভাষাগোষ্ঠীর মারমা, খেয়াং, চাক, ম্রো ও খুমি জনগোষ্ঠীর মানুষ। বিস্তারিত জানিয়েছেন অণিকা ফারজানা
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসুক, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু, ম্রো জাতিসত্ত্বার বিষু সব মিলিয়ে এই বৈসাবি। পাহাড়ি সম্প্রদায় বর্ষবরণের এই উৎসবটি বিভিন্ন উচ্চারণে বিভিন্ন নামে পালন করলেও এর উদ্দেশ্য কিন্তু একই।
উৎসবটি এখন তাই সমগ্র পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীকও বটে।
বৈসাবির প্রথম দিন অর্থাৎ চৈত্রের ২৯ তারিখে চাকমা, তঞ্চগ্যা ও ত্রিপুরারা “ফুল বিঝু” পালন করে। এদিনে খুব ভোরে মেয়েরা ঘরবাড়ি ও বাড়ির অঙিনা পরিষ্কার করার পর নারী-পুরুষ সবাই নদীতে øান করে জল দেবীর উদ্দেশ্যে কলা পাতায় সাজানো ফুল ভাসিয়ে দেন। এছাড়া, ছোট ছোট ছেলে-মেয়েরা ঘুম থেকে উঠে বিঝু ফুল (বনফুল) সংগ্রহে সাজায় ঘরদোর। তরুণ-তরুণীরা পাড়ার বৃদ্ধদের শ্রদ্ধার সঙ্গে øান করায়। দিন শেষে তারা বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা ও সন্ধ্যায় বাড়ির অঙিনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন।
অন্যদিকে বান্দরবানে মারমা, মুরং, ম্রো ও ত্রিপুরা সহ ১১ ভাষার বিভিন্ন জনগোষ্ঠী বৈসাবি উৎসবে মেতে ওঠেন। সব বৌদ্ধ বিহারের বুদ্ধমুর্তিকে চন্দনের জলে স্নান করিয়ে উৎসবের সূচনা হয়।
তাছাড়া এদিনে বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাব আয়োজন করে নানা ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈসাবির দ্বিতীয় দিন অর্থাৎ চৈত্রের ৩০ তারিখে ‘মূল বিঝু’ উৎসবে চাকমা, তঞ্চগ্যা ও ত্রিপুরাদের বাড়িতে চলে খাওয়াদাওয়ার পালা। এদিন সুস্বাদু পাচন (বিভিন্ন সবজি মিলিয়ে রান্না করা পদ), একছোনী-দোছনীসহ (মদ) বিভিন্ন খাবার অতিথিদের পরিবেশন করা হয়।
মারমা, মুরং, ম্রোদের বাড়িতে ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা বানানো হয় এই দিন। সঙ্গে থাকে পাচন, ঘরে তৈরি ‘রা’ (পানীয়/মদ) আর মাংস। সকাল থেকেই শিশু কিশোরসহ সব বয়সের নারী-পুরুষ মেতে ওঠেন ঘুড়ির লড়াইয়ে। যাদের ঘুড়ি বো-কাট্টা হয়ে মেঘে ভেসে যায় সেইসব পরিবারের দায়িত্ব পড়ে রাতের খাবার আয়োজনের। এরপর রাতভর চলে ঐতিহ্যবাহী নাচ-গান।
উৎসবের তৃতীয় দিন “গজ্যাপজ্যা বিঝু”তে আদিবাসীরা সারাদিন ঘরে বসে বিশ্রাম নেন। বৌদ্ধ মন্দিরে প্রার্থনা ও বয়োজ্যেষ্ঠদের বাড়িতে ডেকে ভাত খাওয়ানোসহ আর্শীবাদ নেওয়ার পালা চলে।
মারমা সম্প্রদায় এদিন আয়োজন করে ঐতিহ্যবাহী পানি খেলা। এই পানি খেলার মাধ্যমেই পুরোনো বছরের সমস্ত গ্ল¬ানি ও দুঃখ কষ্ট মুছে ফেলে বরণ করা হয় নতুন বছরকে।
বৈসাবি উৎসব উপলক্ষে প্রতিবছর রাঙ্গামাটিতে সাংস্কৃতি মেলা আয়োজন করা হলেও এবার তা হয়নি।
মেলার প্রধান আয়োজক সংগঠন জুম এসথেটিকস কাউন্সিল (জাক) সদস্য ও সাংস্কৃতিক কর্মী সুখেশ্বর চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে এবার মেলা আয়োজন করা হয়নি। তবে অক্টোবর-নভেম্বর মাসের দিকে মেলাটি আয়োজন করা হতে পারে।
