মহাকাশে বেড়াতে যাবেন বিল গেটস
বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যাক্তি বিল গেটস মহাকাশ ভ্রমণের ইচ্ছা ব্যক্ত করেছেন। গেটসের সহকর্মী ও মহাকাশ পর্যটক চার্লস সিমোনি’র বরাত দিয়ে বুধবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এক রাশান নভোচারী ফিওদর ইউরচিখিন জানিয়েছেন এ খবর।
মহাকাশ স্টেশন থেকে ভিডিওলিঙ্কের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় ফিওদর বলেন, “ চার্লস বলেছে যে বিল গেটস মহাকাশ ভ্রমনের জন্য প্রস্তুতি নেয়াও শুরু করেছেন।”
সাক্ষাৎকারটি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘রশিয়া’তে প্রচারিত হয়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি স্পেস অ্যাডভেঞ্চার এই মহাকাশ ভ্রমণের আয়োজন করছে বলে ফিওদর জানায়। তবে স্পেস অ্যাডভেঞ্চার এরকম সম্ভাব্য উড্ডয়নের ব্যাপারে মাইক্রোসফট চেয়ারম্যানের সাথে তাদের কোন কথা হয়নি বলে জানিয়েছে। কোম্পানির মুখপাত্র নাটালিয়া ডেডোভেটস এএফপিকে বলেন, “ স্পেস অ্যাডভেঞ্চারের সাথে বিল গেটসের কোন চুক্তি হয়নি।”
এদিকে রাশান স্পেস এজেন্সি রসকসমস এর মুখপাত্র ইগর পানারিন এএফপিকে বলেছেন, “ বিল গেটস মাস কয়েক আগে স্টারসিটিতে আমাদের নভোচারী প্রশিক্ষন কেন্দ্রে এসেছিলেন।” ওই প্রশিক্ষণ কেন্দ্রটি মস্কোর খুব কাছে।
ইগর বলেন, “মিস্টার গেটসের পক্ষ থেকেও আমরা কোন আবেদন পাই নি। তবে তিনি যদি আগ্রহ ব্যক্ত করেন, আমরা তাকে সর্বতোভাবে সহায়তা দেবো।”
বিল গেটসের সম্ভাব্য উড্ডয়ন ২০০৯ সালে হতে পারে বলে তিনি জানান।
সাবেক মাইক্রোসফট প্রকৌশলী সিমোনিকে নিয়ে ইউরিচিখিন ও ওলেগ কোতভ সোমবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পদার্পণ করেছেন সম্প্রতি। সিমোনি পৃথিবীতে ফিরে আসবেন ২০ এপ্রিল। বাকী দুজন ১৯০ দিন ধরে কক্ষপথে পরিভ্রমণ শেষে ফিরবেন। এই যাত্রায় সিমোনির খরচ হয়েছে ২৫ মিলিয়ন ডলার।
নভো টুরিস্টদের মধ্যে সিমোনি পঞ্চম ব্যাক্তি। এর আগে ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনিস টিটো ২০০৫ সালে গ্রেগ ওলসেন, ২০০২ সালে দক্ষিন আফ্রিকার মার্ক শাটলওয়ার্থ ও ২০০৬ সালে ইরানী বংশোদ্ভুত মার্কিন নাগরিক আনুশেহ আনসারী মহাকাশ ভ্রমণে যান।
স্পেস অ্যাডভেঞ্চার পরিকল্পনা করছে আগামী বছর তাদের মহাকাশ ট্যুরে চাঁদের কক্ষপথে ভ্রমণের ব্যবস্থা থাকবে। এর জন্য খরচ পরবে ১০০ মিলিয়ন ডলার।
