ইন্দোনেশিয়া প্লেবয়ের সম্পাদক রেহাই পেলেন
ইন্দোনেশিয়ার প্লেবয় পত্রিকায় অশালীন ছবি প্রকাশের অভিযোগে যে মামলা উঠেছিল আদালতে তা থেকে রেহাই পেলেন এর সম্পাদক আরউইন আরনাডা। গত বছর জুনে সেখানে প্লেবয় পত্রিকার দ্বিতীয় সংখ্যাটি বের হওয়ার পর আদালতে তার বিরুদ্ধে মামলা ওঠে।
মামলার রায় ঘোষনা করতে গিয়ে বিচারক বলেন, “যে সব ছবির ব্যাপারে আপত্তি করা হয়েছে সেগুলি পর্ণোগ্রাফি গোত্রভুক্ত করা যায় না।”
রায় পেয়ে খুশি আরনাডা মন্তব্য করেছেন, ‘সংবাদপত্রের স্বাধীনতাকে এ দেশে বিশেষ মর্যাদা দেয়া হয়।” গত বছর বাজারে ছাড়া আলোচিত সংখ্যাটিতে পশ্চিমা ধাঁচের নগ্নতা ছিল না বলে তিনি দাবী করেন।
আদালতের এই রায়ের ব্যাপারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রতিবাদকারী মুসলিমরা বলেছেন, এই রায় তারা মানেন না। তারা পর্ণোগ্রাফির বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাবেন।
মামলার রায় ঘোষনাকালে গোলযোগের আশঙ্কায় জলবোমা নিয়ে শত শত পুলিশ আদালত প্রাঙ্গনে হাজির ছিল।
গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় প্লেবয়ের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ওই সংখ্যায় ইন্দোনেশিয়ার অনেক মডেলের ছবি থাকলেও তাতে কোন ধরনের নগ্নতা ছিল না। কিন্তু তারপরও এই পর্ণো ম্যাগাজিন প্রকাশের প্রতিবাদ চলে সপ্তাহব্যাপী।
প্রতিবাদের পরেও দ্বিতীয় সংখ্যা বের করলে প্লেবয়ের জাকার্তার অফিসে ক্ষুদ্ধ জনতা ইট পাটকেল ছুড়তে শুরু করে। এর সম্পাদক বালি পালিয়ে যেতে বাধ্য হন।
এসব ঘটনার প্রেক্ষিতে সংসদে এন্ট্রি পর্ণোগ্রাফি বিল উত্থাপন করা হয় প্রতিবাদকারীদের পক্ষে। কিন্তু এটি পাশ হলে কঠোর ইসলামী আইনের প্রয়োগের রাস্তা তৈরি হবে এবং দেশের সহনশীল ভাবমুর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করছেন অধিকাংশ সাংসদ।
এদিকে প্লেবয় চালু থাকলে দেশের সাধারন মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটবে বলে আশঙ্কা করছেন মুসলিম নেতৃবৃন্দ।
