২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী চলছে

দেশের বিভিন্ন খাতে দুর্নীতিকে ব্যাঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা কার্টুন নিয়ে সোমবার থেকে চট্টগ্রামের অঁলিয়স ফ্রঁসেজে তিনদিনের কার্টুন প্রদর্শনী শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 01:14 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বুধবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আয়োজিত দুর্নীতিবিরোধী এই কার্টুন প্রদর্শনীতে ৫৫টি বিভিন্ন ধরনের কার্টুন স্থান পেয়েছে। গত বছরের ডিসেম্বরে একটি প্রতিযোগিতায় এসব কার্টুন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল। সেখান থেকে বাছাই করা এসব কার্টুন নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে স্থান পাওয়া কার্টুনগুলোতে দেশের বিভিন্ন খাতের দুর্নীতি ও অনিয়মকে ব্যাঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার বিকেলে অঁলিয়স ফ্রঁসেজ গ্যালারীতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মুশতারি শফি, শিল্পী ঢালী আল মামুন এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।