ব্র্যাকনেটের ভিন্ন রকম চ্যারিটি ‘সেলিব্রেটি মেমোরাবিলিয়া সেল’
'We connect' শ্লোগান নিয়ে ইন্টারনেট ও পোর্টাল সেবা দানকারী প্রতিষ্ঠান ‘ব্র্যাকনেট’ ২৭ ফেব্রুয়ারী শুরু করে ব্যাতিক্রমি চ্যারিটি কার্যক্রম। ‘সেলিব্রেটি মেমোরাবিলিয়া সেল’ নামের এই চ্যারিটিতে বাংলাদেশের তারকা শিল্পীদের স্মৃতি সম্বলিত সামগ্রী www.bracnet.net সাইটের মাধ্যমে বিক্রিলব্ধ অর্থ নিয়ে তৈরি হচ্ছে ফান্ড।
শনিবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয় চ্যারিটির ‘গালা ইভেন্ট শো’। এই অনুষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত সংগৃহীত ফান্ডের অর্থ প্রদান করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর, সেন্টার ফর রিহ্যাবিটেশন অব দ্যা প্যারালাইসড (সিআরপি) এবং এসিড সারভাইভার্স ফাউন্ডেশন নামের তিনটি সামাজিক সংগঠনকে।
সন্ধ্যা সাড়ে সাতটায় লেজার শো এর মাধ্যমে ইভেন্ট শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন ব্র্যাকনেট এর সিইও খালিদ কাদির এবং চেয়ারম্যান আবদুল মুয়িদ চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিনা চৌধুরী, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, বিপাশা হায়াত, পিযুষ বন্দোপাধ্যায়সহ বিভিন্ন শিল্পী গান, নাচ ও কবিতা পরিবেশন করেন। নাটক পরিবেশন করেন সিআরপি’র শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের বিরতীতে চলতে থাকে তারকা শিল্পীদের বিভিন্ন পণ্যের নিলাম। পণ্যগুলোর মধ্যে ছিল আইয়ুব বাচ্চুর গিটার, যাদু শিল্পী জুয়েল আইচ এর বাঁশী, জনপ্রিয় মেগা সিরিয়াল কাছের মানুষ এ ব্যবহৃত সুবর্ণা মুস্তাফার গহনা, সামিনা চৌধুরীর হারমোনিয়াম (যেটি তার বাবা মাহমুদুননবী তাকে উপহার দিয়েছিলেন), অভিনেত্রী বিপাশা হায়াতের পেইন্টিং এবং সারা যাকেরের গহনা।
সেলিব্রেটি মেমোরেবিলিয়ায় মোট ৬ লক্ষ টাকার পন্য বিক্রি হয়। এর মধ্যে ট্রান্সকম ফুডস লিমিটেডের এক লক্ষ টাকা অনুদান রয়েছে।
ব্র্যাকনেটের সাইটে ‘সেল’ এখনো চলছে। সেলে উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে রকস্টার আইয়ুব বাচ্চুর ইএস ৩৩৫ চেরি রেড ইলেকট্রিক গিটার। যার মূল্য ধরা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা।
সেলিব্রেটি মেমোরাবিলিয়া সেলের পণ্য ও অন্যান্য তথ্য জানা যাবে www.bracnet.net সাইটে।
