বন্ধ হয়ে যাচ্ছে টাইম ম্যাগাজিনের প্রকাশনা ‘লাইফ’
আন্তর্জাতিকভাবে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিনের খোঁজখবর যারা রাখেন তাদের জন্য কিছুটা হলেও মন খারাপ করা সংবাদ - বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের আলোকচিত্র বিষয়ক প্রকাশনা ‘লাইফ’ এর প্রকাশনা বন্ধ করে দিতে যাচ্ছে টাইম কর্তৃপক্ষ। কিন্তু আশার বাণী হলো এর ইন্টারনেট সংস্করনটি বন্ধ হচ্ছে না। টাইমের এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানা যায়।
অবশ্য লাইফের ‘লাইফ শেষ’ হওয়ার ঘটনা এটাই প্রথম না। এর আগেও এটি ১৯৭২ সালে বন্ধ হয়ে গিয়েছিলো। তারপর আবার ১৯৭৮ সালে প্রকাশিত হতে থাকে। দ্বিতীয়বারের মতো ২০০০ সালে আবার বন্ধ হয়ে যায়। টাইমের সঙ্গে লাইফের পথ চলা শুরু হয়েছিলো ১৯৩৬ সালে।
লাইফ ম্যাগাজিনে মূলত ছাপা হয় আলোচিত বিভিন্ন ঘটনা বা ব্যক্তিত্বের ছবি ও সংশ্লিষ্ট রচনা। টাইম কর্তৃপক্ষ লাইফে ছাপা হওয়া বিংশ শতকের প্রায় ১০ মিলিয়ন ছবি ইন্টারনেটে বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে।
লাইফ বন্ধ করে দেওয়া বিষয়ে একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন টাইমের প্রধান নির্বাহী অ্যান ম্যুর। তিনি বলেন, “২০০৪ এর অক্টোবরের পর থেকে বাজারে নাটকীয় পরিবর্তন এসেছে। এবং তার ফলেই একটি নিউজপেপার সাপ্লিমেন্ট হিসাবে আমাদের পক্ষে লাইফকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।”
মুখপাত্র ডন ব্রিজেস এর তথ্য মতে লাইফ বন্ধ হয়ে যাওয়ায় এর সম্পাদকীয় বিভাগের ১৫ জন এবং বাণিজ্য বিভাগের ২৭ জন তাদের চাকরি হারাতে যাচ্ছেন। তবে চাকরী হারাতে হচ্ছে না ব্যবস্থাপনা সম্পাদক বিল সাপিরো, নির্বাহী সম্পাদক ম্যাগি মারফি, চেয়ারম্যান অ্যান্ডি ব্লাউ এবং প্রকাশক পিটার বাওয়ার এর।
