অনলাইন নিলামে ফাইটার জেট ও মিসাইল
একটি ফাইটার জেট এবং ভূমি থেকে আকাশে উৎক্ষেপনযোগ্য মিসাইল এর গর্বিত মালিক হওয়ার দারুন এক সুযোগ করে দিয়েছিলেন চীনের হুবেই প্রদেশের এক ব্যক্তি। চায়নার সবচেয়ে বড় অনলাইন নিলাম সাইটে এই দুটির ‘বিক্রয় হইবে’ বিজ্ঞপ্তি বেশ কিছুদিন ধরে শোভা পাচ্ছিল।
ওয়েবে বিক্রেতার নাম ‘মংধস১৩১১৩৯৮৪২’। তার দাবি অনুযায়ী এই দুটো জিনিস তার ব্যক্তিগত সংগ্রহ এবং তা বিক্রির অধিকার তিনি রাখেন। ইস্ট ডে নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রচলিত আইনে এই ধরনের জিনিস কেনার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই। তাছাড়া উৎক্ষেপন যন্ত্র ও মিসাইল আলাদা তা বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।”
জিয়ান ৫ মডেলের ফাইটার জেটের দাম হাঁকা হয়েছে ২০ হাজার পাউন্ড আর রেড ফ্লাগ ২ মডেলের মিসাইলের দাম হাঁকা হয়েছে ৩২ হাজার পাউন্ড। এর সঙ্গে পরিবহন খরচ যোগ করা হয়েছে ১৩ শত পাউন্ড।
জরুরী টাকার প্রয়োজনেই তিনি তার ব্যক্তিগত সংগ্রহ থেকে এই দুটো জিনিস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই বিক্রেতা। ৬০ বছর আগে কোরিয়ার যুদ্ধে ব্যবহৃত একটি ‘টি ৩৪/৭৬’ মডেলের ট্যাঙ্কও বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই মূহুর্তে সেটি জং ধরা অবস্থায় থাকলেও ১৩ হাজার পাউন্ডে এটি বিক্রি করবেন বলে ভাবছেন তিনি।
www.taobao.com এই সাইটে এই নিলামের খবর দেয়া হয়েছিল। ইস্ট ডে নিউজ অবশ্য জানিয়েছে ওই সাইট থেকে এরই মধ্যে নিলামের খবরটি সরিয়ে ফেলা হয়েছে।
তথ্যসূত্র: অ্যানানোভাডটকম
