আপনার সঙ্গী কি নাক ডাকে?
ঘুমের মধ্যে নাক ডাকা একটা প্রাচীন সমস্যা। নাকডাকার সমস্যায় বিস্তর দম্পতির মধ্যে খিটিমিটি লেগেই থাকে। এই ইস্যুতে পশ্চিমে অনেক বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটেছে বলে পত্রিকায় খবর হয়েছে। ফলে যত প্রাচীন সমস্যাই হোক না কেন নাক ডাকাকে মোটেও অবহেলা করার কোন উপায় নেই।
নাক কি আদৌ ডাকে বা নাক কেন ডাকে এসব নিয়ে বেশ কিছুদিন ধরেই গবেষণা হচ্ছে বিভিন্ন দেশে। সম্প্রতি বৃটেনে এরকম এক গবেষণায় বেরিয়ে এসেছে মজার এক তথ্য। একজনের নাক ডাকার কারণে তার শয্যাসঙ্গীর জীবন থেকে হারিয়ে যায় দুই বছরের ঘুম।
ব্রিটেনে প্রতি তিনজনের মধ্যে একজন তার সঙ্গীর নাক ডাকার কারনে সুখনিদ্রা থেকে বঞ্চিত হন। সারা রাতের মধ্যে গড়ে দুইঘন্টা সময় এই নাকডাকার কারণে তার ঘুম বরবাদ হয়ে যায়। আর গড়ে দুজনের মধ্যে সম্পর্ক যদি ২৪ বছর টিকে থাকে তাহলে সারা জীবনে ঘুমের জন্য বরাদ্দ সময় থেকে প্রায় দুই বছর সময় নষ্ট হয়ে যায়।
নাক ডাকার অন্যতম কারন অতিরিক্ত ওজন। নাকডাকা দম্পতিদের যৌন জীবনের উপর বেশ প্রভাব ফেলে। জরিপে জানা যায়, শতকরা ৮৫ জন মনে করেন তার সঙ্গী যদি নাক না ডাকতো তাহলে তাদের যৌন জীবন আরো সুখের হতো।
ব্রিটিশ স্নোরিং এন্ড স্লিপ এপনয়ি অ্যাসোসিয়েশন এর সহ প্রতিষ্ঠাতা ম্যারিয়ান ড্যাভে জানান, “একজনের নাক ডাকার কারণে তার সঙ্গীকে খুবই ঝামেলা পোহাতে হয়। বিষয়টিকে হেলাফেলা না করে এটা নিয়ে যারা ঝামেলায় আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তার সমাধান বের করার চেষ্টা করতে পারি।”
