ওয়াহিদুল হকের জন্মদিনে ছায়ানটে লোকসংস্কৃতি উৎসব
রবীন্দ্র গবেষক ও সাংবাদিক ওয়াহিদুল হক মৃত্যুর কিছুদিন আগে বলেছিলেন, “আমাদের লোকসংস্কৃতির দুয়ার উন্মুক্ত করতে হবে, এর চর্চায় যেতে হবে। একেবারে খাঁটি জিনিস পল্লী থেকে তুলে নিয়ে আসতে হবে।”
শুক্রবার ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে তাঁর অপূর্ণ বাসনাকে কিছুটা হলেও পূর্ণতা দিতে ছায়ানট ভবনে আয়োজন করা হয় লোকসংস্কৃতির উৎসবের। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা লোকশিল্পীদের বাউল, লালন গীতি, ভাওয়াইয়া, হাসনরাজার গান ও মণিপুরী পুঙ চলম নাচ মুগ্ধ করে শহরবাসীকে।
অনুষ্ঠানমালার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে সঙ্গীতজ্ঞ সন্জীদা খাতুন বলেন, “ লোকসংস্কৃতির নির্যাস খুঁজতে ওয়াহিদুল হক ছুটে যেতেন দেশের বিভিন্ন অঞ্চলে। ঊনার অনেক আকাঙ্খা ছিল দেশের আনাচে--কানাচে থেকে তুলে নিয়ে আসতে হবে এসব অজানা শিল্পকে, পরিচয় করিয়ে দিতে হবে সবার সঙ্গে।”
সন্জীদা খাতুন আরও বলেন, “ওয়াহিদুল হকের সেই অপূর্ণ বাসনাকে কিছুটা হলেও পূর্ণতা দিতে লোকসংস্কৃতিকে তুলে আনার অঙ্গীকার করছে ছায়ানট।”
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া নানা আয়োজনে মুখর হয়ে উঠে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবন। লোক সঙ্গীত পিয়াসুরা একে একে এসে উপস্থিত হন ভবনে। ক্রমেই তা মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শুরু হয় মণিপুরি ঢোল নৃত্য দিয়ে। তারপর একে একে বেবী আক্তার, সরিাজউদ্দিন পাঠান, সুনীল কর্মকার, কাননবালা সরকার, সাইদুর রহমান বয়াতী দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, লোকতত্ত্ব, মানব তত্ত্ব ও গুরু তত্ত্ব নিয়ে অনেকগুলো গান গেয়ে শোনান।
এরপর ব্রতচারী সমিতির টাঙ্গাইল, শেরপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও ঢাকা শাখার সদস্যরা নৃত্য পরিবেশন করেন।
বিকেলে আয়োজন করা হয় ছায়ানটের শিশুদের সম্মেলক গান এবং এর পরপরই সিলেটের রামকানাই দাস, বগুড়া ও জয়পুরহাট অঞ্চলের আবদুস সাত্তার, ঢাকার শেফালী সরকার ও কিরণ চন্দ্র রায়, রংপুরের মুকুল, নড়াইলের চন্দনা মজুমদারের বিভিন্ন গান।
পরে আয়োজন করা হয় প্রায় চারশ বছর ধরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত ময়মনসিংহ গীতিকার স্থানীয় নাম কিচ্ছাগান এবং রাম কানাই দাস ও তাঁর দলের উড়ীগান নৃত্যের।
প্রখ্যাত সাংবাদিক, রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক জন্মগ্রহণ করেন ১৯৩৩ সালের ১৬ মার্চ এবং মারা যান এ বছরেরই ২৭ জানুয়ারি।
