২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হয়েছে আদিবাসী উৎসব

রাজধানীর বেগম সুফিয়া কামাল গণগ্রন্থাগারে শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আদিবাসী উৎসব। গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই উৎসব চলবে সোমবার পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

‘সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের গর্ব’ স্লোগানে শুরু হওয়া এই উৎসব শনিবার বিকালে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী হেডম্যান বসুন্ধরা দেওয়ান।

উৎসবের স্বাগত বক্তব্য দেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন। তিনি বলেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি ক্ষুদ্র জাতিসত্তার সকিয়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।”

তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে এবার মোট ১৩টি জাতিগাষ্ঠী অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত গণগ্রন্থাগারের ২য় তলায় আয়োজিত প্রদর্শনীতে আদিবাসীদের জীবনযাত্রার আলোকচিত্র ও তাদের ব্যবহৃত সামগ্রী প্রদর্শন করা হবে। এছাড়া প্রতিদিন বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন জাতিগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে প্রদর্শীত হবে আদিবাসীদের ওপর তিনটি প্রামাণ্যচিত্র।

আদিবাসী নেতা সাবেক সাংসদ প্রমোদ মানকিন বলেন, “সুবিধাবঞ্চিত ও অবহেলিত আদিবাসীদের চিনতে হলে শুধু উৎসবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান গান দেখলেই হবে না।” তিনি সবাইকে আদিবাসী অধ্যুষিত এলাকায় আমন্ত্রণ জানিয়ে বলেন, “আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে। নিজভূমেই আমরা অনেকটা পরবাসী। দেশের সংবিধানেও আমাদের ব্যাপারে কোনো কথা লেখা নেই। বংশ পরম্পরায় যে সব জমিতে আমরা বসবাস করে আসছি তা আমরা ফিরে পেতে চাই।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি রফিকুল ইসলাম বলেন, “আমাদের দেশে ৪০ থেকে ৫০টি জাতিগোষ্ঠীর কমপক্ষে ৩০ থেকে ৩৫টি ভাষা থাকার কথা ছিল। কিন্তু বর্তমানে ২০টি ভাষা টিকে আছে কিনা সন্দেহ। অনেক জাতিগোষ্ঠীর ভাষার বর্ণমালা পর্যন্ত সংরক্ষিত নেই।”

এ উৎসবটি আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে মন্তব্য করে সেডের সভাপতি সাখাওয়াত আলী খান বলেন, “আমাদের উচিত জাতিগোষ্ঠীগুলোর স্থানীয় প্রযুক্তির বিকাশ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া। প্রান্তিক ও ক্ষুদ্র জাতিসত্তাকে কোণঠাঁসা না করে তাদের বিকশিত ও  সাংবিধানিক স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব।”