মহাধুমধামে পালিত হলো মার্কেজের ৮০তম জন্মদিন
নোবেল বিজয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন ছিলো মঙ্গলবার। মহা উৎসাহ উদ্দীপনা আর ধুমধামের সঙ্গে মার্কেজের ভক্তরা পালন করে তার এই ৮০ তম জন্মদিনটি। স্পেন থেকে মেক্সিকো পর্যন্ত বিভিন্ন দেশে তার ভক্তরা পার্টি এবং বই পড়ার আয়োজন করে। মার্কেজের বইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘ওয়ান হানড্রেড ইয়ার্স অফ সলিচ্যুড’।
জন্মদিনের মূল আয়োজনটি হয় ক্যারিবিয়ান সমুদ্র তীরবর্তী মার্কেজের শৈশবের শহর অ্যারাকাটাতে। স্পেনিয় রাজনীতিবিদ এবং শিল্পীরা এ উপলক্ষে মাদ্রিদে মার্কেজের জনপ্রিয় উপন্যাসের ম্যারাথন পাঠের আয়োজন করেন।
মার্কেজ মূলত তার জাদুকরী লেখনীর কারনে জনপ্রিয়। কলাম্বিয়ায় মার্কেজের চাইতে ‘গ্যাবো’ নামেই তিনি বেশী পরিচিত। মার্কেজ বহু বছর ধরেই বসবাস করছেন মেক্সিকোতে। তার জীবনযাত্রা একেবারেই সাধারন মানুষদের মতো। টেলিভিশন নামক বস্তুটাকে তিনি দুচোখে দেখতে পারেন না। এড়িয়ে চলেন জনতার কোলাহল।
মার্কেজ একসময় এনসাইক্লোপিডিয়া বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এ বছর তার নোবেল প্রাপ্তির ২৫ বছর পূর্তি হচ্ছে। সেই সঙ্গে ৪০ বছর পূর্তি হচ্ছে ‘ওয়ান হানড্রেড ইয়ার অফ সলিচ্যুড’ এর প্রকাশের। বইটি ৩ কোটিরও বেশী কপি বিক্রি হয়েছে সারা বিশ্বে।
কলাম্বিয়ার সংস্কৃতি মন্ত্রী এক ঘোষণায় মার্কেজের শৈশবের শহর অ্যারাকাটাকে তার আগের রুপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। এই শহরে প্রচুর কলা জন্মে এবং এখানেই মার্কেজ তার দাদিমার কাছে রূপকথার গল্প শুনতেন যেগুলি পরে তার উপন্যাস রচনায় অনেক কাজে লেগেছে।
