চলে গেলেন লোকসংস্কৃতির সংগ্রাহক মোহাম্মদ সাইদুর
বাংলাদেশের লোকসংস্কৃতির প্রধানতম সংগ্রাহক ও বিশিষ্ট লোকতত্ত্ববিদ মোহাম্মদ সাইদুর রোববার ভোর ৩ টায় কিশোরগঞ্জ জেলার বিন্নগাঁও গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন।
মোহাম্মদ সাইদুর পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে প্রাণের টানে লোকসংস্কৃতি সংগ্রহে আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
১৯৬২ সালের জুলাই মাস থেকে তিনি প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ এবং ১৯৭২ সালে স্থায়ী নিয়োগের ভিত্তিতে বাংলা একাডেমীর সংগ্রাহক হিসেবে সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে লোক সংস্কৃতি সংগ্রহে নিয়োজিত ছিলেন।
তাঁর কর্মের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমী ২০০১ সালে তাঁকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। একই বছর তিনি জাপানের ফুকুওয়াকা এশিয়ান আর্ট গ্যালারি থেকে সংবর্ধিত হন।
মোহাম্মদ সাইদুর সংগৃহীত ‘মাধব মালঞ্চী কইন্যা’ শীর্ষক পালাগানটি নাট্যরূপ দিয়ে কলকাতার প্রখ্যাত নাট্যকার বিভাস চক্রবর্তী অন্য থিয়েটারের প্রযোজনায় মঞ্চে আনেন এবং নাটকটি শততম রজনীর মঞ্চ উপলক্ষে কলকাতার অন্য থিয়েটার মোহাম্মদ সাইদুরকে সংবর্ধনা প্রদান করে। স্বদেশের মাটিতে তিনি কারুশিল্পী পরিষদের সম্মাননা পান ২০০২ সালে এবং লোকনাটক সংগ্রহের স্বীকৃতি স্বরূপ আরণ্যক নাট্যদল কর্তৃক সম্মাননা পান ১৯৮৮ সালে।
বিদেশের বহু ফোকলোরবিদ মোহাম্মদ সাইদুরের সহযোগিতা নিয়ে বাংলাদেশে তাঁদের গবেষণাকর্ম সম্পাদন করেন, এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেনÑআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ ডক্টর হেনরি গ্লাসি, ডক্টর হারবিলাতি, ডক্টর হেলি উসিকালা প্রমুখ।
মোহাম্মদ সাইদুর শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাহচর্যে থেকে নকশি কাঁথার একটি নিজস্ব ভাণ্ডার গড়ে তোলেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে যৌথভাবে জয়নুল আবেদিনের সঙ্গে ‘নকশি কাঁথা’ প্রদর্শনী করেন। ১৯৮৮ সালে লন্ডনের হোয়াইট চ্যাপেল আর্ট গ্যালারিতে ওপেন এয়ার প্রদর্শনীতে মোহাম্মদ সাইদুরের নিজস্ব লোকশিল্প সংগ্রহ প্রদর্শিত হয়।
মোহাম্মদ সাইদুর শুধু একজন সংগ্রাহকই ছিলেন না, লোকসংস্কৃতি বিষয়ে গবেষণা, পাণ্ডুলিপি--সম্পাদনা ও গ্রন্থ রচনাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে আছেÑ‘বাংলা একাডেমী ফোকলোর’ ৫১তম খণ্ড, ৬১তম খণ্ড; ‘লোকসাহিত্য সংকলন’ ৩০তম খণ্ড, ৪১তম খণ্ড, ৪৫তম খণ্ড ও ৪৯তম খণ্ড; কিশোরগঞ্জের ইতিহাস (যৌথ) ইত্যাদি, তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছেÑ‘জামদানী’। দেশী-- বিদেশী পত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
আজীবন শেকড় সন্ধানী সংগ্রাহক ও লোকতত্ত্ববিদ মোহাম্মদ সাইদুর তাঁর ব্যক্তিগত সংগ্রহ নিয়ে কিশোরগঞ্জে নিজ বাড়িতে একটি লোকশিল্প জাদুঘর স্থাপন করেন। এটি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ ডক্টর হেনরি গ্লাসি।
লোকশিল্পীদের প্রচার-- প্রসার ও পৃষ্ঠপোষকতার প্রতি তিনি ছিলেন সদা সচেষ্ট। বিখ্যাত পালাকার কুদ্দুস বয়াতী ও বাউলশিল্পী কাঙালিনী সুফিয়াসহ আরও অনেক লোকসঙ্গীত শিল্পীকে তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে আবিষ্কার করে জাতির সামনে উপস্থাপন করেন।
বাংলা একাডেমীর চাকরি জীবন শেষে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্তিযুদ্ধের স্মারক’ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর পিতা মোহাম্মদ কুতুব উদ্দিন আহমদ এবং মাতা আনোয়ারা খাতুন। তাঁর পিতামহ ও পিতা ছিলেন লোকগীতির গায়ক ও রচয়িতা।
