জাতির ক্রান্তিকালে আলোকবর্তিকা হয়ে থাকবেন ওয়াহিদুল হক
বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক জাতির ক্রান্তিকালে আলোকবর্তিকা হিসাবে অবদান রাখবেন।
ওয়াহিদুল হক স্মরণে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক সভায় বক্তারা বলেন, “একটি অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ওয়াহিদুল হক আমাদের মাঝে সবসময় একজন অনুকরণীয় ব্যক্তি হয়ে থাকবেন।”
বিএফইউজে সভাপতি মন্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান, যুগান্তরের সম্পাদক গোলাম সারওয়ার, সমকাল সম্পাদক আবেদ খান, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং ওয়াহিদুল হকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপলা ফরহাদ নভেদ।
সভার শুরুতে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন অপলা। পরে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন মিতা হক।
স্মরণসভায় ওয়াহিদুল হকের মেয়ে তাঁদের গ্রামের বাড়িতে তার নামে একটি পাঠাগার প্রতিষ্ঠার প্রস্তাব করলে বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে এ ব্যাপারে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।
