ভালোবাসা জানান নিজের হাতে
প্রিয়জনকে তো উপহার দিতেই হয়। সে উপহার পৌঁছে দেয় ভালোবাসার ছোঁয়া কাঙ্খিতজনের কাছে। তবে ভ্যালেনটাইনস ডে যেহেতু একটা স্পেশাল ডে তাই এদিনের উপহারটা একটু স্পেশাল না হলে কি মানায়।
কিন্ত স্পেশাল উপহারটা কী? এটা ভাবতে ভাবতেই অনেকে চলে যান গিফট শপে। যেন এটাই এ সমস্যার একমাত্র সমাধান।
নিজ হাতে একটা কিছু বানিয়ে প্রিয়জনকে দিকে কেমন হয়? খুব ভালো যে হয় সেটা তো জানা কথা কিন্তু কী বানাবেন। আর সেটা বানানর তরিকাই বা কী? চলুন ভালোবাসাবাসির দিনে তাকে চমকে দিতে নিজেই একটা চমৎকার কার্ড বানাই।
যা যা লাগবে-
মোটা সাদা কাগজ (৫ ইঞ্চি৮ ইঞ্চি)
কিছু গোলাপী পাতলা কাগজ
কিছু ধুসর পাতলা কাগজ
কালো মার্কার
আঠা
কাচি
যা করতে হবে-
১. প্রথমেই কাচি দিয়ে গোলাপি কাগজ থেকে প্রায় ২ ইঞ্চি পানির ফোটা আকৃতির মতো করে দু’টি অংশ কেটে নিন। এগুলো প্রজাপতির পাখার উপরের অংশ হিসেবে ব্যবহার করা হবে।
২. আবার গোলাপি কাগজ থেকে ১.৫ ইঞ্চি করে একই রকম দেখতে কিন্তু আকারে একটু ছোট দু’টি অংশ কেটে নিন। এই দু’টি প্রজাপতির নিচের পাখা হিসেবে ব্যবহার করা হবে।
৩. এবার ধূসর কাগজ থেকে লম্বা করে একটি অংশ কেটে নিন। এটা দিয়ে প্রজাপতির দেহ বানানো হবে।
৪. মোটা সাদা কাগজটিকে কার্ডের মাপে কেটে নিয়ে ভাজ করুন। এতে প্রজাপতির বিভিন্ন অংশ আঠা দিয়ে লাগিয়ে দিন।
৫. কালো মার্কার দিয়ে প্রজাপতির এন্টেনা এঁকে দিন।
৬. এবার কার্ডে পছন্দমতো কিছু লিখুন।
আপনার কার্ড তৈরি। এবার একটা খামে ভরে পৌঁছে দিন প্রিয়জনের ঠিকানায়।
কিছু টিপস-
১. সাদা মোটা কাগজ মসৃণ না হয়ে একটু খাঁজকাটা হলে ভালো হবে।
২. কার্ডকে আরো রঙিন করতে পছন্দমতো রঙের কাগজ ব্যবহার করতে পারেন।
