ফুলের দোকানে ভালোবাসার আয়োজন
শেখ সাদীর বিখ্যাত কবিতা তো আছেই (জোটে যদি মোটে...)। না থাকলেও ফুল তার নিজের মহিমাতেই বিরাজ করতো। যে কোন উৎসবে আনন্দে এমনকি সান্তনা প্রকাশেও ফুলের বিকল্প এখনো কিছু মেলেনি। উপহার সামগ্রীর চুড়ায় এখনো তার আসন। বহুমুল্য উপহার দিলেও ভালবাসার প্রকাশে ফুল এখনো অনিবার্য। ভ্যালেন্টাইনস ডেতে তাই পথঘাট ফুল্ল কুসুমিত হবে সেটাই স্বাভাবিক। এ দিনের জমজমাট আয়োজনকে পুর্ণতা দিতে ফুলের দোকানগুলোও তাই ব্যস্ত।
পুষ্প: ‘ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সিঙ্গাপুর, মালয়েশিয়া চায়না থেকে প্রচুর ফুল আনা হয়েছে। সঙ্গে দেশী ফুল তো রয়েছেই। তাই এবারের প্রস্তুতি ভালো।’ জানালেন পুষ্পের ম্যানেজার মাইনুল। তার দোকানে বিদেশী ফুলের মধ্যে রয়েছে চায়না রোজ, লিলি, কারনেশন, জার্ভেরা, ক্রিসেনথিমাম। ফুলের তোড়া, গিফট বক্সের মুল্য দুইশ থেকে পনেরশ টাকা।
রোজভ্যালি: বিশেষ প্যাকেজ রয়েছে তাদের ভ্যালেনটাইনস ডে উপলক্ষে। এ জন্য অগ্রিম অর্ডারও হয়েছে প্রচুর। এখানে বিদেশী ফুলের পাশাপাশি পাওয়া যাচ্ছে প্রচুর দেশী ফুল। রোজভ্যালির স্বত্বাধিকারী আইয়ুব খান জানান, “অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদা তুলনামূলক কিছুটা বেশী। তোড়া বা বক্সের দাম পড়বে ১০০ থেকে ২০০০ টাকা।
ফ্লাওয়ার হেভেন: ফ্লাওয়ার হেভেনের কালেকশানে রয়েছে বিভিন্ন রং আর আকারের গোলাপ। তবে সবচেয়ে বেশী চাহিদা হলুদ গোলাপের। দেশী গোলাপের দাম পড়বে ১০ থেকে ২০ টাকা এবং বিদেশী চায়না রোজ পড়বে ৫০ টাকা। তোড়া বা বক্সের দাম পড়বে ১০০ থেকে ২০০০ টাকা।
ইকো ফ্লাওয়ার: ইকো ফ্লাওয়ারের মালিক বাহার জানান, তিনি বেলজিয়াম থেকে ফুল সাজানো বিষয়ে কোর্স করেছেন। এজন্য তার দোকানে তোড়া এবং বক্সে অনেক বেশী বৈচিত্র। ফুল ছাড়াও ভালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে ভালেন্টাইনস ফিতা ও র্যাপিং পেপার দিয়ে তৈরী তোড়া বা বক্সের ব্যবস্থা রয়েছে।
ফ্লাওয়ার গার্ডেন: বিদেশী ফুলের চেয়ে এখানে বেশী পাওয়া যাবে দেশী ফুল। এখানে রয়েছে গোলাপ, রজনীগন্ধ্যা, গুলাডুলাম, সাদা জার্বেরা, জিপসি ও সাজানোর জন্য কালনি ঝাউ এর বৈচিত্রময় সংগ্রহ । দামও অন্যান্য বছরের চেয়ে তুলনামূলভাবে কম।
ট্রায়াঙ্গেল: এই দোকানটি চব্বিশ ঘন্টাই খোলা। ফলে যখন ইচ্ছা তখন ফুলের প্রয়োজনে ছুটতে পারেন এখানে। পান্থপথ ছাড়াও ট্রায়াঙ্গেলের দেখা মিলবে গুলশান দুই নম্বরে। তাদের কালেকশান এবার ভালো বলে জানালেন ম্যানেজার তানিয়া আহমেদ।
