প্রজেক্ট রানওয়ের তৃতীয় পর্যায় শেষের পথে
‘আমেরিকান আইডল’, ‘ইনডিয়ান আইডল’ আর ‘ক্লোজআপ ওয়ান’ শুধু কন্ঠশিল্পী খুঁজে বের করার অনুষ্ঠান হলেও বিভিন্ন ক্ষেত্রে এরকম ‘খুঁজে’ বের করার নানান অনুষ্ঠান পৃথিবীব্যাপী সাড়া জাগিয়ে তুলছে দর্শকদের মনে।
‘প্রজেক্ট রানওয়ে’ সেরকমই একটা খুঁজে বের করার অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানের মাধ্যমে খুঁজে বের করা হয় সম্ভাবনাময় ফ্যাশন ডিজাইনারদের। ব্রাভো টিভির এই রিয়েলিটি সিরিজ নানান ঝাড়াই বাছাইয়ের পর টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচিত করে একজন ফ্যাশন ডিজাইনারকে।
এমি অ্যাওয়ার্ডের নমিনেশন পাওয়া এই সিরিজ শেষ করেছে তাদের তৃতীয় পর্যায়। প্রায় একহাজার প্রতিযোগীর মধ্যে নানা ধরনের প্রতিযোগিতা শেষে এখন প্রতিযোগীর সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে। এই পনেরো জন প্রতিযোগী এখন অপেক্ষা করছে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের। সেখানে তারা বিশ্ব বিখ্যাত ব্রায়ান্ট পার্কে তাদের ডিজাইনকৃত পোষাকের শো করবে। এটা তাদের জন্য এক বিশাল পাওয়া।
প্রজেক্ট রানওয়ের বিচারক হিসাবে রয়েছেন ফ্যাশন জগতের বাঘা বাঘা সব লোকজন। বিচারক প্যানেলের মাথা হিসাবে কাজ করছেন সুপার মডেল হেইডি ক্লাম। তার সঙ্গে রয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাইকেল কর্স এবং ফ্যাশন ম্যাগাজিন এলি’র ফ্যাশন ডিরেক্টর নিনা গার্সিয়া। এছাড়াও প্রতি সপ্তাহে একজন করে অতিথি বিচারক থাকেন।
এ অনুষ্ঠানের সহ প্রযোজক হিসাবে কাজ করছে ওয়েনস্টেইন কোম্পানি এবং মিরাম্যাক্স টেলিভিশন।
