চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে চিরভাস্বর হয়ে থাকবেন ওয়াহিদুল হক: স্মরণসভায় বক্তারা
প্রখ্যাত সাংবাদিক ও রবীন্দ্র সংগীত গবেষক ওয়াহিদুল হক আজ সশরীরে উপস্থিত না থাকলেও চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে চিরভাস্বর হয়ে রয়েছেন এবং থাকবেনও অনাদিকাল।
দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক স্মরণে আয়োজিত এক শোকসভায় বক্তারা শুক্রবার বিকেলে এসব কথা বলেন।
বক্তারা বলেন, জীবনের স্বল্পতম সময়ে চট্টগ্রামে অবস্থানকালে তিনি এখানকার মানুষকে যেভাবে আপন করে নিয়েছিলেন তা কখনও ভুলবার নয়। মহান এ রবীন্দ্র সংগীত শিক্ষক এখানকার সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করতে যে অবদান রেখেছিলেন তার কারণেই চট্টলাবাসী তাকে চিরদিন মনে রাখবে।
চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘বোধন’ নগরীর চেরাগী পাহাড় মোড়ে ইসলামাবাদী মেমোরিয়াল অডিটরিয়ামে এ শোকসভার আয়োজন করে।
বিশিষ্ট এই রবীন্দ্র সংগীত শিল্পীর বর্ণাঢ্য জীবনের স্মতিচারণ করে বক্তারা বলেন, তিনি যেমন ছিলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র গবেষক, সংগঠক, তেমনি ছিলেন একজন সমাজ সংস্কারক। চট্টগ্রামের ডি সি পাহাড়ে সম্মিলিতভাবে পয়লা বৈশাখ উদযাপন তার হাত দিয়েই শুরু হয়েছে। এজন্য চট্টগ্রামবাসী তার কাছে চিরকৃতজ্ঞ।
বক্তারা বলেন, সারাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে ওয়াহিদুল হক অনন্য ভুমিকা রেখেছিলেন। পেশাগত কারণে তিনি যতদিন চট্টগ্রামে ছিলেন ততদিন নিরলসভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে গেছেন।
আবৃত্তিকার রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় স্মৃতিচারণ করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক মিহির নন্দী, আবৃত্তিকার মাহবুব হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. চন্দন দাশ, কবি হোসাইন কবির, কবি ও সাংবাদিক ওমর কায়সার, শিল্পী শাহরিয়ার খালেদ প্রমুখ।
আবৃত্তিকার ইন্দিরা চৌধুরীর আবৃত্তি দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীরা আবৃত্তি করে শোনান। বক্তারা বলেন, মহান এ ব্যক্তিত্ব দেশে শিল্পের বিকাশ ও প্রগতিশীল মনন চর্চ্চার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি আজীবন জাতিকে শুধু দিয়েই গেছেন, কিছুই নেননি।
তার মৃত্যুতে দেশ একজন মননশীল বাঙালিকে যেমন হারিয়েছে, তেমনি একজন দিকনির্দেশকও হারিয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
