ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --২০০৭ সালকে বলা যায় সঙ্গীতাঙ্গনের জন্য একটি ঘটনাবহুল,ব্যস্ত বছর। এ বছরে নতুন নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীকে পেয়েছেন শ্রোতারা।
বছর জুড়েই প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি প্রকাশিত হয়েছে নতুন শিল্পীদের শতাধিক সলো, মিক্সড, ডুয়েট ও ব্যান্ড অ্যালবাম । এসব অ্যালবামে গতানুগতিক গানের পাশাপাশি সম্পূর্ণ নতুন ধারার কিছু গান পেয়েছেন শ্রোতারা।
তবে শ্রোতারা নতুন শিল্পীর অ্যালবাম পেলেও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রকাশিত অ্যালবাম থেকে ব্যবসায়িক সাফল্য তেমন পাননি। একইভাবে ব্যান্ড সংগীত এবং কনসার্টপ্রিয় শ্রোতাদের জন্যও বছরটি ছিল মোটের ওপর হতাশাজনক।
তবে একই সঙ্গে একাধিক নতুন শিল্পীর আগমন, এফএম রেডিও সংস্কৃতির বিস্তার এবং বেশ কিছু জনপ্রিয় গানের সুবাদে শ্রোতারা সন্ধান পেয়েছেন নতুন সম্ভাবনার।
প্রতিবছরই দেশের ব্যান্ডদলগুলো অন্তত কয়েকটি সফল অ্যালবাম উপহার দিয়েছে। কিন্তু ২০০৭ সাল ছিল এই নিয়মের ব্যতিক্রম। অন্যদিকে নতুন শিল্পীরা বেশ কিছু ভাল গান উপহার দিয়েছেন। তবে অ্যালবামগুলোতে শ্রোতাদের মন ভরানোর মতো ভালো গান ছিল একেবারেই কম। প্রতিটি অ্যালবামের দু'একটি জনপ্রিয় বা ভাল মানের গানের মধ্যেই শ্রোতাদের খুঁজতে হয়েছে সান্তনা। তবে ব্যর্থতার এই মিছিলে ব্যতিক্রম ছিল ভিন্ন ধরণের বেশ কিছু মিক্সড অ্যালবাম।
২০০৭ সালের অন্যতম আলোচিত অ্যালবাম ছিলো 'পাঞ্জাবীওয়ালা'। হাবিবের কম্পোজিশনে প্রবাসী শিল্পী শিরিনের গাওয়া ৮টি বাংলা লোক গানের রিমেক সমন্বয়ে এই অ্যালবাম। অ্যালবামের টাইটেল ট্র্যাক 'পাঞ্জাবীওয়ালা' গানটি অত্যন্ত সমাদৃত হয়। পাশাপাশি এই অ্যালবামে বোনাস ট্র্যাক হিসেবে ছিল হাবিব ও ন্যান্সির গাওয়া 'বলেতো দিয়েছি এই হৃদয়ের কথা' গানটি ।
বাপ্পা মজুমদারের 'দিন বাড়ি যায়' অ্যালবামটিও ছিল এই বছরের অন্যতম আলোচিত অ্যালবাম। এর ১৩ টি গানের মধ্যে দিন বাড়ি যায়, চাঁদের কণা, মেঘে ঢাকা শশী শ্রোতা মহলে সমাদৃত হয়েছে। অন্যদিকে আরেক জনপ্রিয় শিল্পী এবং সুরকার এস আই টুটুল এ বছর দু'দুটো সলো এবং একটি ডুয়েট অ্যালবাম করলেও তেমন সাড়া জাগাতে পারেনি এর কোনোটিই।
ফাহমিদা নবীর 'চারটা দেয়াল হঠাৎ খেয়াল', খালিদ এর 'হৃদয় ভাঙার শব্দ', আসিফ এর 'শর্ত' শ্রোতাদের কিছু ভাল গান উপহার দিয়েছে। কিন্তু তাদের কেউই বছর জুড়ে শ্রোতাদের হৃদয়ে ছিলেন না।
অনেকদিন পর নগরবাউল খ্যাত জেমস এ বছর শ্রোতাদের উপহার দেন তার সলো অ্যালবাম 'তুফান'। তবে অনেক প্রত্যাশা থাকলেও জেমস তার আগের অ্যালবামের সাফল্যকে অতিক্রম করতে পারেননি বলেই মনে করেন বোদ্ধারা।
গেলো বছরের আরেকটি আলোচিত অ্যালবাম বালামের নিজের নামের অ্যালবাম 'বালাম'। এতদিন ব্যান্ডদল ওয়ারফেজের সদস্য এবং স্বতন্ত্র মিউজিক কম্পোজার হিসেবে খ্যাতি পাওয়া বালাম এ বছরই প্রথম নিজের নামের সলো অ্যালবাম বের করলেন। জাহিদ পিন্টুর কথায় ৮টি গানের মধ্যে 'এক মুঠো রোদ্দুর' ও 'তোমার জন্য' গান দুটি জনপ্রিয়তা পেয়েছে।
ভিন্ন ধারার গান নিয়ে এ বছর হাজির হয়েছিলেন শিল্পী কৃষ্ণকলি। তার অ্যালবাম 'সূর্যে বাঁধি বাসা'র ভিন্ন ধারার বেশ কিছু গান শ্রোতাদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।
এ বছরই প্রকাশিত হয়েছিল ক্লোজ আপ ওয়ান তারকা মাহাদীর একক অ্যালবাম 'বন্দনা'। এই অ্যালবামের 'তুমি বরুণা হলে হবো আমি সুনীল/ তুমি আকাশ হলে হব শঙ্খচিল' গানটি বেশ জনপ্রিয়তা প্রায়। আসিফ ইকবালের কথায় এবং প্রিন্স মাহমুদের কথা ও সুরে এই অ্যালবাম শ্রোতাদের মন কাড়তে সক্ষম হয়েছিল। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বাজারে এসেছিল দ্বিতীয় ক্লোজআপ ওয়ান বিজয়ী সালমার প্রথম অ্যালবাম 'বন্ধু আইয়ো আইয়ো'। দশটি লোক গানের অ্যালবামটি শ্রোতাপ্রিয় হয়। কাছাকাছি মাপের সাফল্য পায় বিউটির 'লালনকন্যা', নওরীন এর 'কৃষ্ণচূড়া', আবিদ এর 'এতো ভালোবাসি', টি ডব্লিউ সৈনিক এর 'তুমি আমার ঘুম', মিলা'র 'চ্যাপ্টার টু' প্রভৃতি অ্যালবামগুলো। অন্যদিকে বছর জুড়ে মুক্তি পাওয়া মিক্সড ও ডুয়েট অ্যালবামগুলোর মধ্যে শ্রোতাপ্রিয়তার দিক থেকে যে অ্যালবামগুলো এগিয়ে ছিল তার মধ্যে রয়েছে 'ঝালমুড়ি ১ ও ২', 'প্রেমশিকারী', 'তুমি আমার স্বপ্নঘুড়ি', 'আমি আকাশ হবো', 'কে আঁকে অন্য ছবি', 'স্বপ্ন উড়াই', 'মন পবনের নাও' প্রভৃতি।
এ বছরের প্রায় শেষার্ধে অ্যালবাম বের করে ভিন্নধারার ব্যান্ডদল 'দলছুট'। তাদের 'জোছ্নাবিহার' শিরোনামের অ্যালবামটি মোটামুিট সাফল্য পায়। তবে দলছুটের জন্য বছরের সবচেয়ে বড় ঘটনাটি হচ্ছে অকাল প্রয়াণে তাদের সদস্য সঞ্জীব চৌধুরীর চিরতরে দলছুট হয়ে যাওয়া।
অন্যদিকে বছরের একেবারে শেষদিকে ব্যান্ডদল এলআরবি বাজারে ছাড়ে তাদের অ্যালবাম 'স্পর্শ'। এই অ্যালবামটির সাফল্য বা ব্যর্থতা নিয়ে এখনই কিছু বোঝা যাচ্ছে না। এর বাইরে এ বছর ব্যান্ড অ্যালবাম এর দু'একটি গান দিয়ে কিছুটা আলোচনায় আসতে সক্ষম হয় স্টোয়িক ব্লিস এর 'কল্পনার বাইরে' এবং ক্রিমজোনের 'সূর্য' অ্যালবাম দু'টি। তবে ভাইব, অরণ্য, সোল অ্যান্ড সয়েল, দৌড় এর মতো বেশ কিছু নতুন ব্যান্ড এমনকি অবসকিউর এর মতো প্রতিষ্ঠিত ব্যান্ড বছর জুড়ে অ্যালবামের সংখ্যাবৃদ্ধি করলেও সে অর্থে ভালো কিছু উপহার দিতে পারেনি। মিক্সড ব্যান্ড অ্যালবামের মধ্যে 'অন্যরকম' কিংবা 'নিয়ন আলোয় স্বাগতম' প্রভৃতি কিছু সাফল্য পায়।
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/এসকে/২৩০৩ঘ.
bdnews24