২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের কোনো পুরাকীর্তির প্রতিলিপি তৈরি করলে রয়্যালটি দিতে হবে

মিশরের বিখ্যাত পিরামিড বা যে কোনো পুরাকীর্তির প্রতিলিপি তৈরি করতে হলে এখন থেকে নির্দিষ্ট হারে অর্থ (রয়্যালটি) গুণতে হবে প্রতিলিপি নির্মাণ সংস্থা বা ভাস্কর্য নির্মাতাকে। এ ব্যাপারে মিশরের পার্লামেন্টে অচিরেই একটি আইন পাশ হতে যাচ্ছে। খবর বিবিসি অনলাইনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 07:31 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিশরের বিখ্যাত পিরামিড বা যে কোনো পুরাকীর্তির প্রতিলিপি তৈরি করতে হলে এখন থেকে নির্দিষ্ট হারে অর্থ (রয়্যালটি) গুণতে হবে প্রতিলিপি নির্মাণ সংস্থা বা ভাস্কর্য নির্মাতাকে। এ ব্যাপারে মিশরের পার্লামেন্টে অচিরেই একটি আইন পাশ হতে যাচ্ছে। খবর বিবিসি অনলাইনের। মিশরের পুরাকীর্তি বিষয়ক সর্বোচ্চ পরিষদের প্রধান প্রখ্যাত পুরাতাত্ত্বিক জাহি হাবাস আইনটি বিশ্বের সব দেশে প্রয়োগ করার বিষয়ে তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আইনটি মিশরের জাদুঘরগুলোর যেকোনো পুরাকীর্তির প্রতিলিপি তৈরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।" ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যেকোনো বস্তুর ব্যবহার, বিশেষকরে পিরামিড বা পিরামিডসংলগ্ন বিশাল পাথরের মূর্তির বাণিজ্যিক ব্যবহারও নিয়ন্ত্রণ করার কথা জানান তিনি। জাহি হাবাস আরো বলেন, "এগুলোর প্রতিলিপি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্যও তৈরি করা হয় তবুও মিশর সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।" তবে এখানেও একটি ফাঁক থেকে যাচ্ছে বলে জানান তিনি। এই 'ফাঁকের' ব্যাপারে জাহি হাবাস বলেন, "স্থানীয় বা আন্তর্জাতিক শিল্পীরা যদি ওই স্মৃতিস্তম্ভগুলোর হুবহু প্রতিলিপি তৈরি না করে সেক্ষেত্রে এই আইনের আওতায় তাদের আনা যাবে না।" আর সে কারণেই যুক্তরাষ্ট্রের প্রমোদনগরী লাস ভেগাসের লুক্সর হোটেল ও অন্য কিছু ভবন এই আইনের আওতায় পড়বে না। এর কারণ লাস ভেগাসে পুরাকীর্তির আদলে যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছে সেগুলো হুবহু আসলগুলোর মতো নয়। লুক্সর হোটেলের ব্যাপারে মিশরের পুরাকীর্তি বিষয়ক সর্বোচ্চ পরিষদের এই প্রধান বলেন, "এটিই বিশ্বের একমাত্র পিরামিড আকৃতির ভবন, এ ধরনের কোনো দাবি তারা আর করতে পারবে না।" মাত্র দুদিন আগে মিশরের একটি খবরের কাগজ লুক্সর হোটেলের মুনাফার একটি অংশ সেদেশের লুক্সর নগরী কর্তৃপক্ষকে দেওয়ার আহ্বান জানায়। মধ্য মিশরের লুক্সর নগরী কর্তৃপক্ষ সেখানকার নৃপতিদের সমাধিক্ষেত্র 'ভ্যালি অব দ্য কিংস' এর তত্ত্ববধান করে থাকে। সংবাদপত্রে এ খবরটি ছাপা হওয়ার দু'দিন পরই প্রতিলিপি তৈরি সংক্রান্ত আইনের বিষয়টি প্রকাশ করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১২৫৪ঘ.