ডিসেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখালেন ভারতের তেলেগু ভাষার অভিনেতা ডাঃ ব্রহ্মানন্দম। ২০ বছরে তিনি তেলেগু ভাষায় ৭৫৪টি ছবিতে অভিনয় করেছেন। ব্রহ্মানন্দম নিশ্চিত করে জানিয়েছেন, গিনেজ কর্তৃপক্ষ এ রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।
উচ্ছ্বসিত ব্রহ্মানন্দম জানান, "গিনেজ কর্তৃপক্ষ আমাকে নির্বাচিত করায় আমি গর্বিত। এটা আমার জন্য অনেক বড় এবং চমৎকার অভিজ্ঞতা। ক্যারিয়ার শুরু করার সময় যে রকম রোমঞ্চিত বোধ করেছিলাম সেরকমই শিহরণ বোধ করছি এখন। আমার প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর জন্য তেলেগু চলচ্চিত্র কর্তৃপক্ষ ও ভক্তদের অভিনন্দন জানাই। তাদের সমর্থন ছাড়া এটা অর্জন করা আমার জন্য কোনো ভাবেই সম্ভব হতো না।"
ব্রহ্মানন্দম বছরে কমপক্ষে ৩৫টি করে ছবিতে অভিনয় করেছেন। তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেন।
এই জনপ্রিয় রম্য অভিনেতা তার চলচ্চিত্রের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে একটি বই লিখছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/২১৩১ ঘ
bdnews24