লন্ডন , ১৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মানুষ হিসেবে পরিচিত ইউক্রেনের রাইহরি নেস্টর ১১৬ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে চিরকুমার এ মানুষটির।
রাইহরি নেস্টরের মৃত্যুর আগে তার বয়সের প্রমাণপত্র বিশ্বরেকর্ড সংরক্ষণ ও প্রকাশকারী সংস্থা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে জমা দেওয়া হয়নি। রেকর্ড অনুযায়ী বর্তমানে জীবিতদের মধ্যে বিশ্বের প্রবীণতম মানুষ হচ্ছেন যুক্তরাষ্ট্রের এডনা পার্কার। গত এপ্রিল মাসে ১১৪ বছরে পা দিয়েছেন তিনি।
বেঁটে ও গরিব ছিলেন বলে কোনও মেয়ে নাকি পছন্দ করেনি বেচারা রাইহরি নেস্টরকে। আর তাই চিরকুমারই রয়ে গিয়েছিলেন পেশায় খামার শ্রমিক মানুষটি।
যার সঙ্গে থাকতেন ওকসানা নামে সেই আত্মীয়টি জানিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত স্বাস্থ্য ভালোই ছিল তার। ঘরের অনেক কাজেই সাহায্য করতেন।
নেস্টরের শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুতে কান্নাকাটি করা চলবে না। শেষকৃত্য অনুষ্ঠানের পর ভোজে পরিবেশন করা হয় তারই প্রিয় খাবার আলু সেদ্ধ, হেরিং মাছ আর ঘরে বানানো সসেজ দিয়ে বাঁধাকপি।
মৃত্যুর দিন নেস্টর আর দশটা দিনের মতোই স্বাভাবিক ছিলেন। মাথা ধরার কথা বলে সন্ধ্যায় ঠাণ্ডা পানি দিয়ে মাথা ধুয়েছিলেন যেটা তিনি আগেও মাঝেমাঝেই করতেন।
ওকসানা বলেন, "তার হঠাৎ মৃত্যু আমাদের অবাকই করেছে। তিনি যেন স্রেফ ঘুমিয়েই ছিলেন।"
পারিবারিক কাগজপত্র অনুয়ায়ী নেস্টরের জন্ম তারিখ ১৮৯১ সালের ১৫ মার্চ। বিয়ে না করাই তার দীর্ঘ জীবনের রহস্য বলে ধারণা ছিল তার।
স্বজনরা বলেছেন বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করতেন নেস্টর। খোলা মাঠের সবুজ ঘাসে খালি পায়ে ছোটাছুটি করতেন তিনি। যে মদ না হলে ওই এলাকার মানুষদের চলেই না, সেই ভদকা তিনি পরিমিত পরিমাণেই পান করতেন। গ্রামদেশে মেলা সাধারণ খাবারই ছিল তার পছন্দের খাদ্য। ব্রেড রোলের মধ্যে একস্লাইস সসেজ পেলে আর কিছুই চাইতেন না।
রাইহরি নেস্টরের যখন জন্ম:
* ইউরোপে মানুষের গড় প্রত্যাশিত আয়ু ছিল ৫০ এরও কম।
*অ্যাডল্ফ হিটলারের বয়স ২ বছরও পুরো হয়নি।
*লেভিভের নাম ছিল লেমবার্গ আর তা ছিল অস্ট্রিয়ান সাম্রাজ্যের অংশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১২৩৪ঘ.
bdnews24