ডিসেম্বর ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের বিখ্যাত 'টারমিনেটর টু: জাজমেন্ট ডে' ছবিতে যে সাইবর্গ কংকালটি ব্যবহার করা হয়েছিল সেটি এক নিলামে প্রায় ৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। শুক্রবার হলিউডে এই নিলামটি অনুষ্ঠিত হয়। খবর মার্কিন ওয়েবসাইটের।
১৯৯১ সালে নির্মিত 'টারমিনেটর টু'-এ এই সাইবর্গের কংকালকাঠামোটি অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার ব্যবহার করেছিলেন।
নিলামের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান প্রোফাইল ইন হিস্টরির মুখপাত্র মার্ক ক্রুসকোল জানান, টারমিনেটর টুয়ের টি-৮০০ নামের এই কংকালকাঠামোটি ৪ লাখ ৮৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয়েছে।
নিলামে 'টার্মিনেটর থ্রি' ছবিরও কিছু সাজ সরঞ্জাম বিক্রি হয়।
এছাড়া 'জুরাসিক পার্ক' ছবিতে ব্যবহৃত একটি টাইরানোসরাসের মাথা বিক্রি হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫০০ ডলারে। ওই দিনের নিলামে এটা ছিল দ্বিতীয় সর্বোচ্চ মূল্য।
বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/ এমআইআর/ ১৯০৯ ঘ
bdnews24