ডিসেম্বর ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সরকারে টিকে থাকার স্বার্থে জনগণের কাছ থেকে ইঁদুরের লেজ কিনছেন মিজোরামের মুখ্যমন্ত্রী। একেকটি লেজের দাম দু টাকা। এরই মধ্যে আড়াই লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে এ খাতে। সরকারে টিকে থাকতে আরও লেজের প্রয়োজন। তাই লেজ কেনার সময়সীমা বাড়ানো হয়েছে। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।
ভারতের মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নির্দেশে রাজ্য সরকার চলতি বছরে ২ লক্ষ ৬০ হাজার টাকার ইঁদুরের লেজ কিনেছে। রাজ্য শুদ্ধ মানুষ এখন ঈদুর মারায় ব্যস্ত। মাথা নয়, লেজ এনে সরকারের লোকের কাছে জমা দিলে লেজপিছু ২ টাকা করে পাবেন একজন।
রাজ্য জুড়ে বাঁশফুল ফোটার মধ্যে লুকিয়ে আছে এই অদ্ভুত কর্মযজ্ঞের কারণ।
দীর্ঘ ৪৮ বছর পর মিজোরামে বাঁশফুল ফুটতে শুরু করায় ইঁদুরবাহিনী এখন দাপিয়ে বেড়াচ্ছে সেখানে। এই বাড়বাড়ন্তের অন্তিম পরিণতি দেশের দুর্ভিক্ষ। কারণ বাঁশফুল খেয়ে ফুলে ফেঁপে উঠে মূষিকবাহিনী হামলা চালাতে শুরু করে ক্ষেতের ফসলের উপর। যার ফলে দেখা দেয় দুর্ভিক্ষ।
এই দুর্ভিক্ষের হাত থেকে রেহাই পেতেই ইঁদুর নিধনের উদ্যোগ নিয়েছেন জোরামথাঙ্গা।
রাজ্যের কৃষি দফতরের প্লান্ট প্রোটেকশন অফিসার জেমস লালসিয়ামলিয়ানান জানান, "এখন পর্যন্ত এক লক্ষ ৩০ হাজার লেজ কেনা হয়েছে।"
এর আগে ১৯৫৯ সালে মিজোরামে শেষ বারের মতো বাঁশফুল ফুটেছিল। যার পরিণতিতে দেখা দেয় দুর্ভিক্ষ। ওই দুর্ভিক্ষের হাত ধরেই লালডেঙ্গার নেতৃত্বে জঙ্গি আন্দোলন শুরু হয়। জন্ম হয় মিজোরাম রাজ্যের।
জোরামথাঙ্গা তখন ছিলেন লালডেঙ্গার ডান হাত। এখন তার রাজত্বেই ফের হামলা চালিয়েছে ইঁদুরবাহিনী। ফলে বিপদটা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ফলে শুধু লেজ কিনে নিশ্চিন্ত না থেকে কাজের বদলে খাদ্য কর্মসূচীর চালের পরিমানও বাড়িয়ে দিয়েছেন তিনি। এখন গ্রামবাসীরা সপ্তাহে তিন কেজি করে চাল পাবেন।
পাশাপাশি ইঁদুরের লেজ কেনার সময়সীমাও বাড়িয়ে দিয়েছেন তিনি। হাজার হাজার লেজ কিনে ঘটা করে সমস্ত জেলা সদরে তা পোড়ানো হচ্ছে। দুর্ভিক্ষ রুখতে ইঁদুর মারার এই কৌশল বাৎলে দিয়েছিলেন মিজোরামের রাজধানী আইজলের গবেষক সি রখু মা।
'হ্যামিলনের বাঁশিওয়ালা' রখু মার বক্তব্য, সরকার ইঁদুর নিধন শুরু করতে দেরি করে ফেলেছে।
৪৮ বছর আগের উদাহরণ টেনে জেমস লালসিয়ামলিয়ানান অবশ্য বলেন, "ডিসেম্বরের পরে ইঁদুরদের খাওয়ার কিছু থাকবে না। তখন তারা নিজেদের বচ্চাদের খেতে শুরু করবে। এইভাবেই ইঁদুরেরা নির্ব্বশ হবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৫৬ ঘ
bdnews24