ডিসেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিয়ের পর অনেকদিন কোন র্যাম্পে অংশগ্রহন করেননি ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু বুধবার বিয়ের পর একটি দামী হাতঘড়ির প্রচারণা অনুষ্ঠানে প্রথম র্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অনুষ্ঠানে ঐশ্বরিয়া ক্যামেরার সামনে বেশ স্বতঃস্ফুর্ত ছিলেন। এসময় তার জীবনের নতুন অধ্যায় সম্পর্কে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি জানান, বিয়ের পর তিনি খুব সুখী।
ঐশ্বরিয়া রায় বলেন, "আমি খুবই সৌভাগ্যবান। দোয়া করি এরকম আনন্দঘন সময় আরও অনেকদিন থাকুক। অভিষেক এবং আমি এখনো আমাদের মধুচন্দ্রিমা নিয়ে কথা বলি।"
বিবাহিত মহিলা হিসেবে তার অনুভূতি কেমন জানতে চাইলে অ্যাশ জানান, "এটা আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল। কারণ জীবনের জন্য এটা সত্যি সত্যিই খুবই চমৎকার এবং আনন্দদায়ক একটি পর্যায়।"
বিয়ে করলেও ঐশ্বরিয়া কাজ থেকে দূরে থাকেননি। এরই মধ্যে তিনি হলিউডের একটি চলচ্চিত্রে কাজ করছেন। হলিউডের পিঙ্ক প্যান্থার ছবির সিক্যুয়েলে তিনি স্টিভ মার্টিনের সঙ্গে এক অপরাধ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করছেন। ২০০৮ সালের প্রথমদিকেই বলিউড থেকে মুক্তি পাচ্ছে অ্যাশ অভিনীত 'যোধা আকবর' ছবিটি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭০৭ ঘ
bdnews24