ডিসেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশের বিতর্কিত লেখক তসলিমা নাসরিনেকে খুন করতে চেয়েছিল হুজি, জানিয়েছে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার। ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা ইসলামি জঙ্গি সংগঠন হুজির বাংলাদেশ শাখার প্রধান মুফতি হান্নান কিছু দিন আগে বাংলাদেশের যৌথ বাহিনীর হাতে ধরা পরেছেন। জেরায় তিনিই এই তথ্য জানিয়েছেন পুলিশকে।
বাংলাদেশ পুলিশের এক মুখপাত্র আনন্দবাজারকে জানান, জেরার সময় মুফতি হান্নান জানিয়েছেন, ১৯৯৮ সালের নভেম্বরে হুজির জাতীয় নীতি নির্ধারণ কমিটির বৈঠকে এক সপ্তাহের মধ্যে মৌলবাদ বিরোধী ৪ জন লেখক ও বিদ্বজ্জনকে হত্যার পরিকল্পনা নেওয়া হয়। এই হিটলিস্টে কবি শামসুর রাহমান, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, লেখিকা তসলিমা নাসরিন এবং বিশিষ্ট সাংবাদিক মওলানা আব্দুল আউয়াল এর নাম ছিল।
শামসুর রাহমানকে হত্যার উদ্দেশ্যে হুজির একটি স্কোয়াড তার বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। কবি সাংঘাতিক আহত হয়েও প্রাণে বেঁচে যান। প্রথম অভিযানটি ব্যর্থ হওয়ায় হুজি বাকীদের ওপরে হামলার কর্মসূচী সাময়িকভাবে স্থগিত করে।
২০০১ সালে রমনার বটমূলে নববর্ষের অনুষ্ঠানে হামলার দায়িত্বও স্বীকার করেছেন হুজি নেতা হান্নান। তার সঙ্গে ধরা পড়া হুজির আরেক নেতা আবু তাহেরও জেরায় জানিয়েছেন, রমনার মাঠে পুঁতে রাখার জন্য তিনি নিজ হাতে স্কোয়াডের সদস্যদের বিস্ফোরক তুলে দিয়েছিলেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/এসকে/১৪০৭ ঘ.
bdnews24