১ ডিসেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিতর্কিত লেখক তসলিমা নাসরিন 'দ্বিখন্ডিত' বই থেকে বিতর্কিত লাইনগুলো প্রত্যাহার করায় তার ভিসা বাতিলের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা খুশি হয়েছেন। তসলিমা কান্ড থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছিল যে বিজেপি তারাও এখন চুপ। তসলিমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার শিল্পী সাহিত্যিকরা। খবর আনন্দবাজার পত্রিকার।
যে জমিয়তে উলামায়ে হিন্দ তসলিমার বিরুদ্ধে সোচ্চার ছিল তার নেতা মৌলানা মেহমুদ মাদানি জানান, "পবিত্র ইসলামেই আছে, কোন ব্যক্তি ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। তসলিমা যখন ক্ষমা চেয়েছেন, তখন তাকে ক্ষমা করে দেওয়াই ঠিক কাজ হবে। তিনি যেখানে থাকতে চান, সেখানেই তাকে থাকতে দেওয়া হোক।"
ক'দিন অগে এই মৌলানাই তসলিমাকে ভারত থেকে অন্যত্র পাঠানোর দাবিতে সরব ছিলেন।
এদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল বোর্ড প্রশ্ন তুলেছে, বইটির পুরোনো সংস্করণ বাজারে চলছে, তার কী হবে? বোর্ডের মুখপাত্র এস কিউ আর ইলিয়াসের দাবি : সরকার বইটির চলতি সব কপি নিষিদ্ধ করুক।
ঘোষণার ফলে এখন তসলিমা কি কলকাতায় ফিরতে পারবেন? এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব অমিতকিরণ দেব বলেছেন, "খবরটা পেয়েছি। এখনই কোন মন্তব্য করব না।"
রাজ্যের প্রধান শাসক দল সিপিএম এর রাজ্য নেতা শ্যামল চক্রবর্তী বলেছেন, "বিষয়টি খুবই স্পর্শকাতর। কেন্দ্রীয় সরকার কতগুলি পদক্ষেপ করেছে। পদক্ষেপগুলি ভাল। এই পরিস্থিতিতে পৃথক বিবৃতি দেওয়ার দরকার নেই।"
তসলিমার মন্তব্যকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। দলীয় মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘবি বলেন, "তসলিমার বক্তব্যকে স্বাগত জানাই। কারও ধর্মমত যাতে আহত না হয়, তা সবারই দেখা উচিত।"
তসলিমার ঘোষণায় সবচেয়ে বিপাকে পরেছে বিজেপি। তসলিমা ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার যে পরিকল্পনা করেছিল তারা তা ভেস্তে গেছে। বিজেপির সাংসদ হেমা মালিনী তার ব্যক্তিগত মত দিতে গিয়ে বলেছেন, "তসলিমা ভারতে থেকে গেলেই ভাল করবেন। তার এ দেশে থাকা উচিত বলে আমার মনে হয়।"
লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জী বলেছেন, "তসলিমা একজন ভাল লেখিকা। তার কাজের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।"
কলকাতার শিল্পী সাহিত্যিকরাও তসলিমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। আবুল বাশার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই তার পক্ষে বক্তব্য দিয়েছেন।
সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, "আমি লেখকের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু বেঁচে থাকাটা সাহিত্যের চেয়েও বড়। লেখককে তো প্রাণে বাঁচতে হবে। যদি তার জীবন বিপন্ন হয়ে পড়ে, তার বাসস্থান অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে আপস করতে হতেই পারে।"
সাহিত্যিক আফসার আমেদ বলেন, "তসলিমার অসহায়তা আমি বুঝতে পারছি। আমি তার সহমর্মী।"
২০০২ সালে পশ্চিমবঙ্গে 'দ্বিখন্ডিত' প্রকাশের পরই সমস্যার শুরু। বইটির দু'টি পাতায় 'ইসলাম ও মহম্মদ (সাঃ) কে নিয়ে মন্তব্য করা'র অভিযোগে মুসলমান সমাজের একাংশ রাজ্য সরকারের কাছে দাবি তোলে বইটি নিষিদ্ধ করতে হবে। সেই দাবি মেনে ২০০৩ সালের নভেম্বরে বামফ্রন্ট সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যকে নিষেধাজ্ঞা তুলে নিতে হয়।
'দ্বিখন্ডিত' বইটির বিরুদ্ধে মুসলিমদের একাংশের আন্দোলন চলতেই থাকে। ২১ নভেম্বর তসলিমাকে দেশ থেকে বিতাড়নের দাবিতে মধ্য কলকাতা জুড়ে কিছু মুসলিম গোষ্ঠী প্রচন্ড বিক্ষোভ শুরু করে। পরদিন দুপুরে প্রায় জোর করে তসলিমাকে কলকাতা থেকে জয়পুরের বিমানে তুলে দেওয়া হয়।
তসমিলাকে নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হলে ভারতের পরারাষ্ট্র মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সংসদে বিবৃতি দিয়ে তসলিমার ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস দিলেও তার কলকাতা ফেরা অনিশ্চিত থেকে যায়। এমতাবস্থায় তসলিমা তার বই থেকে বিতর্কিত অংশ ছেঁটে ফেলার ঘোষণা দিলেন। আশা করা হচ্ছে এর ফলে পরিস্থিতির উন্নতি হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪০৯ ঘ
bdnews24