ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জাপানি সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাপান বাণিজ্য মেলা ২০০৭। এ কর্মসূচিতে সেমিনারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্র্শিত হবে নাটক 'ওয়ান হানড্রেড স্যাকস অফ রাইস'।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছবি প্রদর্শনী, কারাতে প্রদর্শনী, জাপানি নাচ, জাপানি নাটক, কেন্দো ও ইকোবানা প্রদর্শনী, হাইকু (জাপানি ছোট কবিতা) সন্ধ্যার আয়োজন করা হবে ১ ডিসেম্বর।
এছাড়া ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা ১টা থেকে ৫টা পর্যন্ত জাপানে লেখাপড়ার বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে সেমিনার।
মেঘদূত, শিল্পকলা একাডেমি ও জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সহযোগিতায় জাপান দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/ডিডি/এমএইচবি/০১২২ ঘ.
bdnews24