নভেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২০০৭ সালের ফেব্র"য়ারিতে ডিভোর্স নিয়েছিলেন বলিউডের তারকা জুটি সুচিত্রা কৃষ্ণমুর্তি এবং শেখর কাপুর। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তারা আবার একসঙ্গে সংসার শুরু করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সুচিত্রা গায়িকা হিসেবে পরিচিত হলেও কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। শেখর কাপুর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক।
এক মাস আগেই শেখর কাপুর মুম্বাইয়ে সুচিত্রার বাসায় এসে উঠেছেন। এ ব্যপারে সুচিত্রার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমাদের মেয়ে কাবেরি এটা পছন্দ করেছে। সে তার বাবার সঙ্গে সময় কাটাচ্ছে এবং তাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করছে।"
সুচিত্রা ও শেখরের মধ্যকার বর্তমান সম্পর্কটা ঠিক কেমন এ সম্পর্কে জানতে চাইলে সুচিত্রা বলেন, "ভালবাসার মৃত্যু নেই। ভালবাসার প্রকাশভঙ্গির বদল হয়। শেখর আমার সন্তানের পিতা। আমার সত্তার একটি অংশ এখনও তাকে গভীরভাবে ভালবাসে এবং সে আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে সবসময়।"
বলিউডের এক নায়িকার সঙ্গে সম্পর্কের অভিযোগে সুচিত্রা শেখরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। তিনি জানান, "আমি অতীতের ঘটনার জন্য শেখরকে ক্ষমা করেছি এবং আমি আমার সন্তান ও আমাদের সুখের জন্য সেটা ভুলে যেতে চাই। সেই কষ্টকর অতীতকে আমি আবার স্মরণ করতে চাই না।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯০৪ ঘ
bdnews24