নভেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পুরোনো, ভাঙা, জং ধরা একটা লোহার সিঁড়ির ভগ্নাংশ ২ লক্ষ ১৯ হাজার ৩৯০ ডলার খরচ করে কিনেছেন নেদারল্যান্ডসের এরিক কুরভ্যার্স। সিঁড়িটি ফ্রান্সের অন্যতম স্থাপনা আইফেল টাওয়ারের। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এরিক তার দেশের একটি বাস্কেটবল টিমের প্রেসিডেন্ট। দলটির নাম আইফের টাওয়ার্স। তার দলের কথা মাথায় রেখেই তিনি এটি কিনেছেন।
১৮৯৯ সালে এই সিঁড়ি বেয়ে উঠে সিন নদীর পাড়ে নিজের নকশা করা টাওয়ারের উদ্ধোধন করেছিলেন গুস্তাফ আইফেল।
মাটি থেকে ১ হাজার ৬৩ ফুট উঁচু টাওয়ারের মধ্যে একাধিক টিভি ও রেডিও চ্যানেল, দুটি রেস্টুরেন্ট, সংগ্রহশালাসহ আরও অনেক কিছু আছে।
১৯৮৩ সালে সংযোজিত নতুন লিফটকে জায়গা করে দিতে টাওয়ারের ১৯১১ ধাপের দৈত্যাকার ঘোড়ানো সিঁড়ি কেটে নামানো হয়। পরে ২৪টা টুকরা করা হয় সেই সিঁড়িকে। ২৩টি টুকরা ইতিমধ্যেই বিভিন্ন দেশের ব্যক্তিগত সংগ্রাহক বা মিউজিয়াম কিনে নিয়েছে। এরিক কিনলেন ২৪তম টুকরাটি যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৪ ফুট, ওজন ৭০০ কেজি। সিঁড়ির এই অংশ বেয়ে টাওয়ারের দোতলা থেকে তিনতলায় যাওয়া যেতো।
হোটেল দ্রুর নিলাম সংস্থা থেকে এই টুকরা সিঁড়ি কিনেছেন এরিক।
"পয়সাটা কোন ব্যাপার না, স্মারকটার মূল্যই আলাদা।" মন্তব্য করেছেন এরিক। এটি কোথায় রাখবেন সেটাও ঠিক করে ফেলেছেন তিনি, কিন্তু এখনই সেটা ফাঁস করতে নারাজ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৪৬ ঘ
bdnews24