নভেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় দত্ত পুনের জেলখানায় কয়েদীর জীবন যাপন করছেন। ফলে তার প্রযোজনা প্রতিষ্ঠান 'সঞ্জয় দত্ত প্রডাকশনস প্রাইভেট লিমিটেড' এর কাজ বন্ধ ছিল। কিন্তু খুব বেশিদিন আর এমনটি থাকছে না। সঞ্জয়ের বান্ধবী মান্যতা নিজ কাঁধে এর দ্বায়িত্ব তুলে নিচ্ছেন। তাকে সাহায্য করছেন ওই প্রতিষ্ঠানটির কর্মীরা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
মান্যতা এ খবরের সত্যতা কথা স্বীকার করেছেন। ওয়েবসাইটের সূত্র থেকে আরো জানা যায়, কয়েকদিন আগে তিনি দত্ত পরিবারের দায়-দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন।
সঞ্জয়ের প্রডাকশন হাউজের দায়িত্ব নেয়া প্রসঙ্গে দ'ুজন পরিচালকও জানান, খবরটি ঠিক। পরিচালকদ্বয় হলেন 'মুন্না ভাই' এর পরিচালক রাজকুমার হিরানী এবং অপরজন হলেন 'কাল' খ্যাত সোহাম শাহ।
তারা আরও বলেন, "জেল থেকে ছাড়া পাবার পরপরই সঞ্জয় তার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবির নাম ঘোষণা করবেন। সে ছবিতে তিনি নিজেও একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করবেন।"
২০০২ সালে সঞ্জয় গুপ্তের সঙ্গে যৌথ উদ্যোগে সঞ্জয় দত্ত গড়ে তোলেন 'হোয়াইট ফেদার ফিল্ম' প্রডাকশন হাউজ। এখান থেকে তারা 'কাঁটা', 'মুসাফির', 'জিন্দা', 'শুটআউট অ্যাট লোখান্ডালওয়ালা'র মতো জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। তবে 'শুটআউট' এর পরে টাকা-পয়সার ঝামেলা নিয়ে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। এরপর সঞ্জয় দত্ত নিজের প্রডাকশন হাউজ তৈরি করেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮২২ ঘ
bdnews24