নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পুনের ইয়ারওয়ারা জেলে ৭টি বেতের চেয়ার বানিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সরকারের অনুমতি পেলে জেল কর্তৃপক্ষ সেগুলি নিলামে বিক্রি করবেন বলে জানিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সঞ্জয় দত্ত দেখতে দেখতে অনেকদিন পার করে দিলেন জেলে। অভিনয়ে পারদর্শী সঞ্জয় কুটির শিল্পেও যে যথেষ্ট দক্ষ তা প্রমাণ করেছেন ইতিমধ্যে। জেলখানায় বসে তিনি সাতটি বেতের চেয়ার বানিয়ে ফেলেছেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেট হোম ডিপার্টমেন্টের অনুমতি পেলে তারা সেগুলো নিলামে বিক্রি করবেন।
জেলখানায় কয়েদিদের বানানো এসব বেতের চেয়ার এক একটি সাধারণত ১৫০০ থেকে ২০০০ ভারতীয় রূপীতে বিক্রি হয়। ধারণা করা হচ্ছে, সঞ্জয় নির্মিত এসব চেয়ার তার চেয়ে বেশি টাকায় বিক্রি হবে। আর এই চেয়ার বিক্রির টাকা কয়েদিদের কল্যাণে ব্যয় করা হবে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে চেয়ার বিক্রির টাকা সম্ভবত সঞ্জয় পাবেন না।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯৫৫ ঘ
bdnews24