নভেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবার দিওয়ালি বলিউড তারকারা যার যার মতো করে পালন করেছেন। কিন্তু সবার চেয়ে ব্যতিক্রম উপায়ে কাটালেন সম্ভবত অমিতাভ বচ্চন। দিওয়ালি উপলক্ষে এই অভিনেতা তার ব্যক্তিগত কাপড়চোপড় অক্সফামকে দান করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অক্সফাম একটি আর্ন্তজাতিক দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি অমিতাভের পোশাকগুলো অনলাইনের মাধ্যমে নিলামে বিক্রি করবে।
এই বছরের প্রথম দিকে অমিতাভ লন্ডনে অক্সফামের দোকান পরিদর্শন করেন। আর তাদের কর্মপন্থা দেখেই তিনি তার পোশাক দান করার সিদ্ধান্ত নেন।
অমিতাভ বচ্চন তার প্রায় ৫০টি পোশাক অক্সফামকে দান করেছেন। অভিতাভের পোশাক বিক্রয়ের টাকা অক্সফাম বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকান্ডে লাগাতে পারবে বলে আশা করে।
অমিতাভ অন্যদের উদ্দেশ্যে বলেন, "আমি সবাইকে এরকম মহৎ কাজে দান করার জন্য উৎসাহিত করছি।"
এদিকে অক্সফামের পক্ষ থেকে বলা হয়, "দিওয়ালি এমন একটি ঐতিহ্যবাহী উৎসব, যেখানে অভাবীদের নিয়েও ভাবতে হয়। এ সময় অনেকেই পুরাতন কাপড় বাদ দিয়ে নতুন কাপড় ব্যবহার করে। আমরা আশা করি, অমিতাভ বচ্চনের এই উদ্যেগের কারণে আরো অনেক হিন্দু, জৈন ও শিখ তাদের পোশাক স্থানীয় অক্সফাম শপে দান করবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২৯২৯ ঘ
bdnews24