কামরুল আম্বিয়া
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্ধ্যা হলেই বিচিত্র রকমের পাখিদের কিচির-মিচির। একটি বাড়িকে ঘিরে প্রতিদিন পাখির মেলা। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য। হাজারও পাখির কলকাকলীতে মুখরিত হয়ে উঠেছে শ্রীমঙ্গলের ঠাকুর মিয়ার বাড়ি। ঠাকুর মিয়ার পক্ষীবাড়িতে পাখিদের মিলন মেলা দেখতে প্রতিদিনই ভিড় করেন বহু লোক।
শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের লৈয়ারকুল গ্রামের প্রয়াত আব্দুর রহমান নিজ এলাকায় পরিচিত ঠাকুর মিয়া নামে। তার বাড়ির চারপাশের পাঁচটি গাছে প্রতিদিন বিকেল হলেই পাখির মেলা বসে। পাখিপ্রেমী ঠাকুর মিয়া বাংলা ১৪০৭ সালের ২০ ভাদ্র মারা যান।
পাখিদের এই মিলন মেলা সম্পর্কে প্রয়াত ঠাকুর মিয়ার স্ত্রী আমেনা খাতুন বলেন, "আমার স্বামী পাখি ভালবাসতেন। বনের পাখিকে ধরা যায় না বলে তিনি কবুতর পুষতেন। দিনের বেলা কবুতর ছেড়ে দিতেন। সন্ধ্যা হলেই সেগুলো ফিরে আসতো। পাখিদের সঙ্গে একাকী কথা বলতেন। এভাবেই পাখিদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে।"
বাড়ির বাসিন্দারা জানান, ২০০৪ সালের মে-জুন মাসে দুই জোড়া সাদা বক এসে বাড়ির একটি তেঁতুল গাছে বাসা বাঁধে। বক দম্পতিদ্বয় সেখানে বাচ্চা ফোটায়। পরে এরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকে।
২০০৫ সালের এপ্রিল মাসে সাদা বক দম্পতির সঙ্গে যোগ দেয় কয়েকজোড়া ধলাবক, কানিবক, লালবক, বালিঝুড়ি হাঁস। একই বছরের মে মাস থেকে পাখির সংখ্যা বাড়তে থাকে। এর পর ঝাঁক বেঁধে আসতে থাকে পানকৌড়ি। এরা বকদের গাছটি দখল করে নেয়। বকগুলো তখন আশ্রয় নেয় বাড়ির বাঁশঝাড়ের পাশের কড়ই গাছে। তারপর থেকে বাড়িটি এলাকায় পক্ষীবাড়ি নামে পরিচিতি লাভ করতে থাকে। এ বছর পাখির সংখ্যা বেড়ে হাজার ছাড়িয়ে গেছে, দখল করে নিয়েছে বাড়ির পাঁচটি বড় বড় গাছ।
গ্রামের লোকজন জানান, 'পক্ষীবাড়ির' বাড়ির এক অংশে আমেনা খাতুনের তিন ছেলে আব্দুল গনি, আব্দুল মান্নান ও আব্দুস ছাত্তার থাকেন। অন্য অংশে আছেন আমেনার দেবরের ছেলে আব্দুল সামাদ। বৌ-নাতি-নাতনি সব মিলে বাড়িতে থাকেন প্রায় ২০ জন। সবাই পাখি ভালবাসেন। পাখিদের নিরাপদে রাত যাপনের জন্য তারাও পালা করে রাত জাগেন।
আব্দুল মান্নান বলেন, "প্রথম প্রথম অনেকে পাখিগুলো শিকারের চেষ্টা করলেও আমাদের বাধার মুখে পারেনি। এখন প্রতিদিন বিকেলে অনেক লোক পাখি দেখতে ভিড় করেন। এসব দেখে আমাদেরও ভালো লাগে।"
প্রতিবেশী কলেজ ছাত্র আব্দুস শহীদ বলেন, "বিচিত্র সব পাখিদের মিলন মেলা দেখতে শহর থেকে অনেকেই ছুটে আসেন। সরকারিভাবে উদ্যোগ নেয়া হলে এখানে পাখির অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব।"
শ্রীমঙ্গলের আলোাচিত পক্ষীবাড়ির প্রসঙ্গে মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, "সত্যি বলতে আলোচিত সেই পক্ষীবাড়ির লোকজন সব পাখিপ্রেমী।" এরকম মনের মানুষ জীববৈচিত্র্য রক্ষায় খুব প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
জাহাঙ্গীর বর্তমানে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত মৌলভীবাজারের হাইল হাওরের জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত সমাজভিত্তিক জলাভূমি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২২৭ ঘ.
bdnews24