নভেম্বর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য মার্কিন লেখক হার্পাল লীকে প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম প্রদান করলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। খবর মার্কিন ওয়েবসাইটের।
হার্পার লী'র একমাত্র বিখ্যাত উপন্যাস 'টু কিল এ মকিংবার্ড' একসময় আমেরিকার কোন কোন অঙ্গরাজ্যে নিষিদ্ধ ছিল। বেস্ট সেলার বইটি ১৯৬১ সালে পুলিৎজার পুরস্কার পায়।
১৯৬২ সালে বইটি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতার ক্যাটাগরিতে অস্কার লাভ করেন গ্রেগরি পেক, ছবির চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হন হর্টন ফুটিও।
২০০৬ সালে ৮১ বছর বয়স্ক লেখক এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, "যান্ত্রিক অগ্রগতির এই যুগেও আমি এখনো বইয়ের সঙ্গে থাকতে ভালবাসি।"
হোয়াইট হাউজে বুধবার এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। তার সঙ্গে পদকপ্রাপ্ত অন্যান্যরা হলেন অর্থনীতিবিদ গেরি বেকার ও মানবাধিকার বিষয়ক আইনজীবী অস্কার এলিয়াস বিসকেট।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯১৬ ঘ
bdnews24