গোপালগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রং-বেরংয়ের নৌকায় মুখর ঘরঘরা নদী। ছিপ, কোষা, সারেঙ্গা- কোন ধরনের নৌকা নেই। নৌকায় মাঝি-মাল্লাদের কলরব, তারাও বর্ণিল সাজে; আর পাড়ে উচ্ছ্বসিত মানুষের দল। এই ছিল কোটালীপাড়ার কালীগঞ্জের বাঘিয়া বিলের গত দুই দিনের চিত্র।
দক্ষিণাঞ্চলের বৃহত্তম নৌকাবাইচ প্রতিযোগিতা ঘিরেই প্রতি বছর যেন প্রাণ ফিরে পায় বাঘিয়া বিল এলাকা; সঙ্গে চলে চলে মেলা। বাঘিয়া বিল এলাকার মানুষের বাৎসরিক অন্যতম বড় উৎসব এ নৌকাবাইচ। লক্ষ্মীপূজা ঘিরে বহুকাল ধরেই আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। শনিবার ছিল দুই দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিন।
প্রতি বছরের মতো এবারো আশপাশের জেলাগুলো থেকে অন্তত দুই শতাধিক নৌকা অংশ নেয় স্বতস্ফূর্ত এ প্রতিযোগিতায়। এখানে সবাই আয়োজক। প্রতিযোগিতা শেষে এলাকাবাসীর পক্ষ থেকে পুরষ্কৃত করা হয় অংশগ্রহণকারী সব নৌকাকে।
বাইচ শুরু হলেই সমস্বরে গান ধরে বৈঠা মেরে তরতরিয়ে এগিয়ে চলে নৌকাগুলো। পাড়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে নিজ নিজ নৌকাকে উৎসাহ দিয়ে চলে সমবেত মানুষ সকল। মাইকও বাজতে দেখা যায়। করতালি, হর্ষধ্বনি, গান আর বাদ্যে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।
নৌকাগুলোর সামনে জ্বালানো ছিল আগরবাতি ও ধূপতি। বিশেষ ভঙ্গিতে নৌকার সামনে অবস্থান নেওয়া মাল্লাদের স্রষ্টাকে স্মরণ করতেও দেখা যায়।
নৌকাবাইচ ঘিরে বাঘিয়া বিল এলাকা অগুনতি মানুষের মিলন মেলায় পরিণত হয় বলে গর্ব অনুভব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত মজুমদার।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানকার মানুষ বাইচ নৌকা তৈরি করে সারা বছর অপেক্ষা করে এ দিনটির জন্য। নৌকাবাইচের দুই দিন তারা আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে।"
এ নৌকাবাইচ ২০০ বছর ধরে হচ্ছে বলে দাবি করেন তিনি।
বাইচ দেখতে এসেছিলেন প্রবীণ রাজনীতিবিদ নির্মল সেনও।
তিনি বলেন, "আমাদের লোকজ ঐতিহ্য ধরে রেখেছে এ নৌকাবাইচ। যান্ত্রিক সভ্যতা ও বিজ্ঞানের নব আবিষ্কারের যুগেও এ বাইচ আমাদের বাঙালি মনে অনুপ্রেরণা যোগায়।"
শনিবার বিকালে বাইচ শেষে এক ধরনের বেদনা বিদূর পরিবেশই তৈরি হয়। তবে এটা সাময়িক। দুই দিন পরই আবার শুরু হবে নৌকা তৈরির পালা। সবাই দিন গুণতে থাকবে আগামী বছরের জন্য।
এদিকে বাইচে অংশ নেয়া রনবালা (৪০) নামে এক মাল্লা শুক্রবার রাতে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার জাখিয়া গ্রামে।
শুক্রবার বাইচ শেষে ক্লান্ত হয়ে তিন বাড়ি ফিরে যান। পরে বাড়িতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই এলাকার ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৬ ঘ.
bdnews24