অক্টোবর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- "অমিতাভ অভিনয়ের অনেক সুক্ষ বিষয় শিখিয়েছেন আমাকে।" 'লাস্ট লিয়ার' ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয়কে 'খুবই শেকসপিরিয়ান' উল্লেখ করে এই মন্তব্য করেন বলিউডের কিংবদন্তীর নায়িকা রেখা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ভারতের এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রেখা বলেন, "অমিতাভ আমার গুরু। ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।" 'লাস্ট লিয়ার' ছবিতে অমিতাভের চরিত্রটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রেখা বলেন, " আন্তরিকভাবেই বলছি, ঋতুপর্ণকে আমার উৎপল দত্তের মতো মনে হয়েছে। আর মনে হয়েছে শেক্সপিয়ারের চরিত্রগুলির মতোই যথাযথ অভিনয় করেছেন অমিতাভ। দু'জনে মিলে ওই মহাকবির প্রতি যথার্থ সম্মাননাই জানিয়েছেন বলে আমার বিশ্বাস।" 'লাস্ট লিয়ার' ছবির পরিচালক ঋতুপর্ণ ঘোষ।
রেখা মন্তব্য করেন, " আমার জানা যে কোন বাঙালির চেয়ে বেশি বাঙালি অমিতাভ। সত্যিই উনি একজন বাঙালি দাদা। তার বাঙালি স্ত্রী আছে বা তিনি অনেক সময় কোলকাতায় কাটিয়েছেন, সে জন্য বলছি না। অন্য যে কারো চেয়ে ওঁর মধ্যে রবীন্দ্রচেতনা অনেক বেশি বহমান।"
রবীন্দ্রনাথকে নারী মুক্তির সত্যিকারের অগ্রদূত হিসেবে উল্লেখ করে রেখা বলেন, "আপনারা কি জানেন এদেশে ঠাকুরই ছিলেন সত্যিকার নারী মুক্তির অগ্রদূত? এদেশে নারীবাদী আন্দোলনের ধারণা দানা বাঁধার অনেক আগেই তিনি শান্তিনিকেতনে নারী শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় চালু করেন।"
অক্টোবরের ১০ তারিখে ৫৩ বছরে পা দিয়েছেন রেখা। জন্মদিন কেমন কাটালেন জানতে চাইলে একসময়ের এই বলিউড হার্টথ্রব বলেন, "আমি আসলে খেয়ালই করিনি। আমার কাছে প্রতিটি দিনই উৎসবের মতো। প্রতি মুহূর্তই ইশ্বরের দান।... জন্মদিনে মন্দিরে যাওয়ার দরকার পরে না আমার। আমার ঘরেই একটা মন্দির আছে। প্রতিদিন সেখানেই পূজা অর্চনা করি আমি।"
বর্তমানে রেখা হেমা মালিনীর একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রেবতী পরিচালিত ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন এশা দেওল।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২৫ ঘ
bdnews24