ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অষ্টমী তিথিতে প্রতি বছরের মতো দূর্গাকে অঞ্জলি দিতে রামকৃষ্ণ মিশনে থাকে বিশেষ আয়োজন। প্রতিমার বদলে শুদ্ধাত্মা ভগবতী মা দূর্গার প্রতীক হিসেবে জীবিত কুমারীকে ভক্তিভরে অঞ্জলি দেওয়া হয়। এ আনুষ্ঠানিকতাই কুমারী পূজা।
শুক্রবার রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনব্যাপী আয়োজনে কুমারী পূজা এক ব্যতিক্রমী ব্যঞ্জনা।
নারায়নগঞ্জ ও দিনাজপুরের কয়েকটি মঠেও সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। নানা সাজে ভক্তরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পূজামণ্ডপে এসে শুদ্ধাত্মা কুমারীরূপে ভগবতী মা দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আরতি, অঞ্জলি আর প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দেবীর প্রতি নিবেদন করা হয় অর্ন্তগত ভক্তি আর শ্রদ্ধা।
হিন্দু শাস্ত্র মতে, এক থেকে ষোল বছর বয়সের মেয়েরা কুমারী রূপে পূজিতা হওয়ার যোগ্য। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। যে দেবী সব নারীর মধ্যে বিরাজমান তাকে শ্রদ্ধা নিবেদনের জন্যই দূর্গা পূজার সঙ্গে এ পূজার আয়োজন করা হয়। কুমারী পূজার দিন সকালে কুমারীকে গোসল করিয়ে নতুন কাপড় পরানো হয়। ফুলের মালা, নানান অলঙ্কার ও প্রসাধনে নিপুণ সাজে সাজিয়ে পূজা দেওয়া হয় বলে মিশনের শিক্ষার্থীরা জানালেন।
বরাবরের এবারও রাজধানীর রামকৃষ্ণ মঠে সকাল ১১টায় পূজা শুরু হয়। কুমারী পূজায় দেবী দুর্গার প্রতীক হিসেবে ছয় বছরের শিশু কন্যাকে বসানো হয় দেবীর আসনে। শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবে এই শিশুকে মা মনে করে পূজা করা হয়।
কুমারী পূজায় আরতি আর অঞ্জলি দিতে হাজার হাজার মানুষ ভিড় করেন সেখানে। এত লোক সমাগমের মধ্যে কেউ মাকে একনজর দেখে অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছেন। আবার কেউ লোক অরণ্যে দূর থেকেই ভক্তিভরে প্রণাম করলেন।
দেশের দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায়। দিনাজপুর থেকে রাতের বাসে এসেছেন ভরত কৃষ্ণ ব্যানার্জী। তিনি জানান, কুমারী পূজায় অংশ নিতে তিনি প্রায় প্রতি বছরই ঢাকায় আসেন। মাঝে অসুস্থতার কারণে কয়েক বছর আসা হয়নি। কুমারী পূজায় অংশ নিয়ে তিনি আবার দিনাজপুরে ফিরবেন বলে জানালেন।
দিনাজপুরে কুমারী পূজার আয়োজন হওয়া সত্ত্বে ঢাকায় আসার কারণ সম্পর্কে তিনি বলেন, "ঢাকায় কেন্দ্রীয়ভাবে কুমারী পূজা হয় মুলত এ মিশনে। আগে ঢাকায় থাকতাম তখন থেকেই কুমারী পূজায় আসতাম। এখানে আসলে ভালো লাগে। এটাও হয়তো মায়ের ইচ্ছা।" কথা শেষ না হতেই তিনি আবার হাত জোর করে প্রণাম করতে করতে অস্ফুট কণ্ঠে কি যেন বলে উঠেন।
কুমারী পূজা শেষে বেলা ১২ টার দিকে ফিরে যাওয়ার সময় চামেলী মল্লিক বলেন, "কুমারী পূজা সবখানে হয় না। তাই মিশনে আসতে হয়। প্রতি বছরই এখানে আসি।" তার কাছে পূজার মধ্যে এটাই সবচেয়ে ভালো লাগে এবং মিশনে এ দিনে এতো লোকের সমাগম তিনি বেশ উপভোগ করেন বলে জানালেন।
ঢাকা এবং আশেপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেন সকাল থেকেই। সকাল ১১টায় যখন কুমারী দেবীকে মন্ডপে আনা হয় তখন লোকে-লোকারণ্য রামকৃষ্ণ মঠ প্রাঙ্গন। সামনে যারা ছিলেন তারা দাঁড়িয়ে যাওয়ায় পেছন থেকে সবাই বসার জন্য অনুরোধ জানাতে থাকেন। এতো লোকের অনুরোধের আওয়াজ মিলে হৈ চৈ হুড়োহুড়ির মতো শব্দ এসে কানে বাজে।
পূজা শেষে যখন হাজার হাজার পূজারী ও দর্শনার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় তখন দেখা যায় পুন্যার্থীদের দীর্ঘ সারি। রোদের মধ্যে দাঁড়িয়ে, ঘেমে নেয়ে তারা প্রসাদ খাচ্ছেন পরম ভক্তিতে। নানা বর্ণের পোশাকে আবাল বৃদ্ধ বণিতার পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে পুরো মঠ প্রাঙ্গন।
এতো লোকের ভিড়ে স্বজনরা একজন আরেকজনকে হারিয়ে ফেলেছেন। তাদের খূঁজে পাওয়ার চেষ্টা হিসেবে মাইকে নাম ঘোষণা করা হচ্ছে। ঘণ্টা খানেকের মধ্যে জনা পঞ্চাশেক লোকের নাম ঘোষণা করা হলো মাইকে। যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা আবার কেউ কেউ মন্ডপের পাশে ঘোষকের কাছে চলে এসেছেন। ততক্ষণে যারা নাম ঘোষণার অনুরোধ জানিয়েছেন তারা চলে গেছেন অন্যত্র। ঘোষক আবার তাদের নাম ধরে ডাকছেন।
মঠের বাইরে সড়ক জুড়ে অসংখ্য মানুষ। এতো লোক সমাগম হলে ব্যবসা ভালো হয় বলে এসেছেন আইসক্রিম বিক্রেতা, বাদাম, সিগারেট, চকলেট এবং নানা ধরণের খেলনা বিক্রেতা। বাজারও জমে উঠেছে। কেউ আইসক্রিম খাচ্ছেন, কেউ চিবুচ্ছেন বাদাম। খেলনা দেখে ছোট শিশুরা বাবা মায়ের কাছে বায়না ধরছে কিনে দেওয়ার জন্য। কেউ কেউ কিনছেন সেইসব খেলনা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএম/টিএইচ/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24