অক্টোবর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- " অজয় খুব ভালো রাধে। ওর মোগলাই আর চাইনিজ রান্না দেখে রীতিমতো জিভে জল চলে আসে।" রন্ধনপটু স্বামী অজয় দেবগনের প্রশংসা করতে গিয়ে বলেছেন কাজল। আর নিজের কথা বলেছেন, "আমি খুবই বাজে রাধুনি।" খবর ভারতীয় ওয়েবসাইটের।
প্রতিভাময়ী অভিনেত্রী কাজল বলেন, " আমি মোটেই ভাল রাঁধতে পারি না। আমার বর খুবই ভালো রাঁধে। ও আসলে একটা বহুমূখী প্রতিভা।"
নিউ দিল্লিতে হোয়ার্লপুলের গৃহসামগ্রীর প্রচারণা চালানোর সময় উপরের মন্তব্যগুলো করেন বলিউড অভিনেত্রী। কাজল হোয়ার্লপুলের ব্রান্ড অ্যাম্বাসেডর।
কাজল বলেন, " একটা নিখুঁত বাসা সেটাই যেখানে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে সামঞ্জস্য রয়েছে। শতভাগ সামঞ্জস্য আপনি কোথাও পাবেন না। তাছাড়া একটা বাসায় যদি বড়সর একটা রান্নাঘর থাকে, তাহলে আর কী লাগে।"
কাজলের সর্বশেষ ছবি 'ফানা'য় তিনি আমির খানের বিপরীতে অভিনয় করেন। এখন স্বামী অজয় পরিচালিত ছবি 'ইউ মে আউর হাম' ছবিতে অজয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। এটাই অজয় পরিচালিত প্রথম ছবি। এই জুটির সর্বশেষ ছবির নাম 'রাজু চাচা', মুক্তি পায় ২০০০ সালে। ছবিটি মোটেই ব্যবসাসফল হয়নি। তবে কাজল বলেছেন, "একত্রে কাজ করতে আমাদের বেশ ভালোই লাগে।"
বিজ্ঞাপন চিত্র ও কাহিনী চিত্রে অভিনয়ের মধ্যে পার্থক্য প্রসঙ্গে কাজল বলেন, "কাহিনী চিত্রে কাজ করার তুলনায় বিজ্ঞাপন চিত্রে কাজ করা অনেক কঠিন। কারণ এখানে ৩০ সেকেন্ডের মধ্যেই অনেক কিছু বলে দিতে হয়।"
কাজল অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', ও 'কভি খুশি কভি গম'।
যশ রাজ ফিল্মস এর পরবর্তী ছবি 'তাহসান' এ দেখা যাবে কাজলকে। এ ছবিতে তার সঙ্গে আছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২২৪৩ ঘ.
bdnews24