২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যের 'বহুজাতিক' ঈদ উৎসব

মুসলিম বিশ্বে ঈদ উৎসবের চেহারা মোটামুটি একরকমই। ঈদের নামাজ পড়া, কোলাকুলি, কুশল বিনিয়ম, ভালো জামাকাপড় পরে ভালো খাওয়া দাওয়া করা ইত্যাদি। তারপরও দেশে দেশে এই আনন্দ উদযাপনের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য লক্ষ করা যায়। যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী তাদের ঈদ কাটে নিরানন্দে। তাদের কাছে ঈদের উৎসবের চেয়ে ওই দিনের ছুটিটাই বেশি কাক্সিক্ষত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 06:41 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)-- মুসলিম বিশ্বে ঈদ উৎসবের চেহারা মোটামুটি একরকমই। ঈদের নামাজ পড়া, কোলাকুলি, কুশল বিনিয়ম, ভালো জামাকাপড় পরে ভালো খাওয়া দাওয়া করা ইত্যাদি। তারপরও দেশে দেশে এই আনন্দ উদযাপনের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য লক্ষ করা যায়। উপমহাদেশে ঈদ উদযাপনের ধরন কমবেশি একইরকম। ঈদের আগের রাতে, যাকে চান রাত বলা হয়, তুমুল আনন্দ ফুর্তি হয় এ অঞ্চলে। শাওয়ালের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজি, পটকাবাজি। ঘরে ঘরে ঈদের রান্নার ধুম পরে যায়। বাজারে শেষ কেনাকাটার তোড়জোড় চলে প্রায় সারারাত ধরে। সকালে সেমাই, ফিরনি দিয়ে আপ্যায়ন চলে ঘরে ঘরে। মধ্যপ্রাচ্য জুড়ে আরবদের ঈদ পালনের ধরন প্রায় একই রকম। আর যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী তাদের ঈদ কাটে নিরানন্দে। তাদের কাছে ঈদের উৎসবের চেয়ে ওই দিনের ছুটিটাই বেশি কাক্সিক্ষত। আরবদের কুশল বিনিময়ের ধরনটি বেশ অদ্ভুত। সারাদিনে কারো সঙ্গে যতবার দেখা হয় ততবারই তারা সালাম দেয়। মজার ব্যাপার হচ্ছে কুশল জিজ্ঞাসার উত্তরে লম্বা এক ফিরিস্তি দিতে হয়। আর সেটা যদি ঈদের দিন হয় তাহলে তো কথাই নেই। ঝাড়া পাঁচ মিনিট লেগে যায় শুধূ উত্তর দিতেই। তাই অনেকেই এই নাতিদীর্ঘ কুশল পর্বটি এড়িয়ে যায়। প্রশ্নকর্তার আন্তরিকতা এখানে মূখ্য নয়, এটি আরবদের কুশল বিনিময়ের একটি প্রথা। আরবদের মাঝে এই ঢিমেতালে চলার প্রবণতা প্রায় সব ক্ষেত্রেই লক্ষ করা যায়। ঈদও এর বাইরে নয়। উপমহাদেশে ঈদ উপলক্ষে কেনাকাটা, রান্নাবান্নার সাজ সাজ রব, বাড়তি আয়োজন ও প্রস্তুতি কাজ করে। কিন্তু আরবদের মধ্যে ঈদ নিয়ে বাড়তি উচ্ছ্বাস কম। বরং ঈদ উপলক্ষে পাওয়া লম্বা ছুটিটি কীভাবে কোথায় কাটানো যায় তার পরিকল্পনা তৈরিতেই তারা বেশি ব্যস্ত থাকে। তাই বলে ঈদের আয়োজনে মোটেও ঘাটতি থাকে না। তবে ইফতারের ক্ষেত্রে তারা আপোষহীন অর্থাৎ ইফতার হতে হবে জমজমাট। মধ্যপ্রাচ্যে ঈদের নামাজের জামাত শুরু হয় খুব ভোরে। ভোরে আরবরা এক ধরনের জনপ্রিয় পানীয় 'গাহওয়া' পান করে ঈদগাহে যায় এবং ঈদের নামাজ আদায় করে। ঈদের দিন আরব পুরুষরা ঐতিহ্যবাহি পোষাক তোপ, সিক্কা, কান্ধর পরে। আর নারীরা স্কার্টের মতো লম্বা 'থাউব' নামে এক ধরনের পোষাক পরে। ঈদের দিন আরবরা বিশেষ ভোজের আয়োজন করে থাকে। নানা ধরনের পানীয় এবং ফলের পাশাপাশি কাবাব, ফুল (এক ধরনের সবজি), জয়তুন, হালিব, ফিলফিল সহযোগে তৈরি ভেড়ার মাংস, লাহাম মাসলুক, খেপচা (পোলাও জাতীয় খাবার) ইত্যাদি আয়োজন করে থাকে। খাবার শেষে সবাই শিশা বা সুগন্ধি ধোঁয়াযুক্ত এক ধরনের হুক্কা খায় । এ দিন তারা উচ্চবাদ্যযন্ত্রের সঙ্গে 'তরবারি' নৃত্য করে। এটি তাদের ঐতিহ্যের অংশ। এছাড়া পরিবারের সবাই ঈদের দিন দল বেঁধে ঘুরতে বের হয়। ঈদের আগের যেদিন চাঁদ ওঠে ওই দিন সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের সবদেশে ঈদ উপলক্ষে রং বেরংয়ের আতশবাজি পোড়ানো হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি বহুজাতিক সংস্কৃতির মিলনস্থল। এখানে আফ্রিকা, সাব সাহারা, ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিক এবং এশিয়ান বিশেষ করে বাংলাদেশী, পাকিস্তানি, আফগান এবং প্রচুর ভারতীয়ের আবাস। আরবদের চোখে এসব প্রবাসীরা 'আজনবী' যার অর্থ আগন্তুক বা ভিনদেশি। তাই দুবাই বা আবুধাবির ঈদকে 'আজনবী'দের বহুজাতিক ঈদ উৎসব বলা যায়। আরব আমিরাতে কর্মরত প্রবাসীদের একটি বড় অংশ বাংলাদেশী। বাংলাদেশীদের মধ্যে যারা আমিরাতে সরকারি চাকুরে তারা বেশ ভালো অবস্থায় আছে। তাদের ঈদের ছুটিও বেশ লম্বা। তবে সব জায়গার চিত্র একরকম নয়। কোনো কোনো প্রতিষ্ঠান কেবল দুই ঈদে দুদিন ছুটি দেয়। বেশকিছু প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশীদের একটি বড় অংশ ঈদ তো বটেই কখনো কোনো ছুটি পায় না। ঈদে ছুটিজনিত সমস্যায় প্রবাসীদের সবার ঈদ তাই একরকম হয় না। ঈদের দিন বাংলাদেশীদের প্রায় সবাই সেমাই পায়েস রেঁধে খাওয়ার চেষ্টা করে। দুপুরের খাবারে থাকে পোলাও মাংসসহ নানা ধরনের দেশি খাবার। ঈদের নামায উপলক্ষে প্রবাসীরা সবাই একসঙ্গে মিলিত হয়। তাই ঈদের মাঠ তাদের কাছে এক ধরনের মিলনস্থলও। তবে বিদেশ বিভুঁইয়ে পরিবার পরিজনহীন দম বন্ধ করা ঈদ যতটা না আনন্দের তারচেয়ে বেশি স্বস্তিকর। কারণ ঈদ উপলক্ষে অন্তত দু'একদিন বাড়তি ছুটি পাওয়া যায়। প্রবাস জীবনে নানা হিসেবের মারপ্যাচ তো রয়েছেই। তারপর ঈদের দিন দেশের প্রিয়জনদের সঙ্গে কথা বলার জন্য টেলিফোন বুথের সামনে ক্লান্তিকর অপেক্ষা সবকিছু ছেড়ে থাকার কষ্টকে আরো বাড়িয়ে দেয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/এসএনডি/১২২৬ ঘ.