অক্টোবর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কাঠ আর পাথরের তৈরি বাড়িটা আজ থেকে প্রায় একশ বছরের পুরনো। এক সময় বিখ্যাত জেজে আর্ট স্কুলের আঙিনা ছিলো এই বাড়ি। কিন্তু তারপর থেকে অনেক দিন ধরেই বাড়িটি অব্যবহৃত অবস্থায পড়েছিলো। আর এই সুযোগে বাড়ির ভিতরে বাসা বেধেছিলো কবুতর। অথচ এই বাড়িটিতেই একসময় বাস করতেন প্রথম ইংরেজ হিসেবে ১৯০৭ সালে নোবেল পুরস্কার বিজয়ী লেখক রুডইয়ার্ড কিপলিং। বর্তমানে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার এই বাংলো বড়িটিকে একটা শিল্প জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'দ্য জাঙ্গল বুক' খ্যাত এই লেখকের জন্ম ১৮৬৫ সালের ৩০ ডিসেম্বর। এই বাড়িটিতে কিপলিং দীর্ঘ ছয় বছর তার বাবার সঙ্গে ছিলেন। তার বাবা জন লকউড কিপলিং ছিলেন বিখ্যাত জেজে স্কুল অব আর্টস অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা। এখন কিপলিং এর অবর্তমানে তাদের বাড়ির একটি ঘরকে কিপলিং এর বিভিন্ন কাজ দিয়ে সাজানো হবে।
জিনদাল সাউথ ওয়েস্ট ফাউন্ডেশনের সঙ্গিতা জিনদাল বলেন, "এই বাংলো বাড়ি চিত্রকলার ছাত্রদের অনেক উৎসাহ জুগিয়েছে। অথচ এই বাড়িটিই কিনা এতোদিন এতো অবহেলায় পড়েছিলো। ২০০২ সালে বিদ্যুৎ বিল দিতে না পারায় এই বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছিলো। এটা খুব দুঃখের ব্যাপার।"
এই বাড়িটির শ্রী পুনরোদ্ধারে জিনদাল ফাউন্ডেশন মহারাষ্ট্র রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে। আর এ জন্য ৪০ মিলিয়ন ভারতীয় রূপীও খরচ করা হবে।
জিনদাল জানান, "আমরা আশা করছি ২০০৯ সালের শুরুর দিকে এখানে একটি ক্যাফে ও একটা বইয়ের দোকানসহ বাড়িটির কাজ শেষ করতে পারবো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৯১৬ ঘ.
bdnews24