ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "আলুর কেজি বিশ টাকা, দেইখা লন খালি বিশ" "কাঁচামরিচ আশি টাকা, বাইছা লন খালি বিশ"-এভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে ফুটপাতের বিক্রেতারা তাদের পণ্যের দামের তুলনা করে ক্রেতার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। মঙ্গলবার নিউমার্কেটের সামনের ফুটপাতের জমজমাট ঈদ বাজারের চিত্র ছিল এরকমই।
বিক্রেতা রুহুল আমিন এক নাগারে "খালি বিশ" কথাটি জপ করে চলেছেন। আর তার সহযোগী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একে একে বলে চলেছেন। দুজনের কথা মিলে অর্থ দাঁড়ায়- এখানকার একটি পোশাকের দাম এক কেজি আলুর দামের সমান। আর এক কেজি কাঁচা মরিচের দামে মিলবে যে কোনো চারটি।
নিউমার্কেট ছাড়াও রাজধানীর গুলিস্তান এলাকাতেও বাহারি পণ্য সাজিয়েছে হকাররা। গুলিস্তান মোড়, বঙ্গবন্ধু এভিনিউ হয়ে বায়তুল মোকাররম মার্কেটের সামনের রাস্তা হয়ে পল্টন মোড় পর্যন্ত ফুটপাত এখন হকারদের দখলে। ফার্মগেটেও একই রকম চিত্র।
ক্রেতার ভিড় সামলে কারো সঙ্গে কথা বলার ফুসরত নেই ফুটপাত বাজারের দারুন ব্যস্ত দোকানিদের। তাদের সামনে কার্টনের ভেতরে সাজোনো বিভিন্ন ধরনের পোশাক।
ক্রেতারা নানা রকম প্রশ্ন করলেও বিক্রেতার একই সুরে জবাব, "দেইখা লন, বাইছা লন"। এরমধ্যে বিক্রেতাটি বলে ওঠেন "ছিড়া-ফাটা"। সহযোগীটি বলে ওঠেন "থাকতে পারে"। তারপর আবার "দেইখা লন, বাইছা লন" বলে ওঠেন কোরাসে। অর্থাৎ ছেড়া কিংবা কোনো সমস্যা থাকলে তা ক্রেতাকে দেখে নিতে হবে।
বেলা ১২টার দিকে নিউমার্কেট এলাকায় একজন ক্রেতা কয়েকটি টি-শার্ট হাতে নিয়ে প্রতিটির দাম ১৫ টাকা করে দিতে চাইলেন। নির্বিকার বিক্রেতা রুহুল আমিন ক্রেতার হাত থেকে টি-শার্টগুলো নিয়ে আবার কার্টনের মধ্যে রাখার সময় সুর করে জবাব দিলেন- 'ফামারগেটে'। এর অর্থ, আরও কম দামে কিনতে হলে ফার্মগেটে যান।
একই রকম কায়দায় "খালি চল্লিশ", "খালি পঞ্চাশ", "খালি আশি"- এমন নির্ধারিত দামের অসংখ্য দোকান বসেছে ফুটপাত জুড়ে। কারো কাছে মিলছে টি-শার্ট বা গেঞ্জি, কারো কাছে শার্ট আবার কারো কাছে পাঞ্জাবি। রয়েছে নারী বা শিশুদের পোশাকও। দর কষাকষি করে কেনা যায় এমন দোকানও রয়েছে।
ঈদকে সামনে রেখে রোজার মাঝামাঝি সময় থেকে জমতে শুরু করেছে এসব ফুটপাত বাজার। বিক্রেতাদের প্রত্যাশা ছিল মঙ্গলবার আরও জমজমাট বিক্রিতে মাতবেন তারা। কিন্তু অসময়ে ঝড়ো বৃষ্টি তাতে বাগড়া দিয়েছে। প্রত্যাশা মতো বাজার জমেনি। এরপরও স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ক্রেতার ভিড় ছিল ফুটপাতগুলোতে।
এখানে আসা ক্রেতারা মূলত নিম্ন আয়ের মানুষ হলেও মধ্যবিত্তরাও আসেন। আসা-যাওয়ার পথে অনেকেই দর-দাম করেন, পছন্দ হলে কিনে নেন। নারী, পুরুষ ও শিশুদের পরিধেয় বস্ত্রের পাশাপাশি গৃহস্থালীর নানা পণ্যও এসব দোকানে পওয়া যাচ্ছে। জুতা, অলঙ্কার, বিছানার চাদর, বালিশ কভার, তৈজসপত্র থেকে শুরু করে ঝাড়
bdnews24